স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ মার্চ: বুধবার উত্তর দিনাজপুর জেলা সফরে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন সকালে রায়গঞ্জ ব্লকের কর্নজোড়ার মাল্টিপারপাস ভবনে এসে উপস্থিত হন মন্ত্রী। সেখানে তার নেতৃত্বেই অনুষ্ঠিত হয় প্রশাসনিক বৈঠক। উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অপর ৩ মন্ত্রী গোলাম রব্বানী, সাবিনা ইয়াসমিন ও সত্যজিৎ বর্মন।
ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলাশাসক অরবিন্দ কুমার মীনা সহ জেলার বিভিন্ন বিধানসভার বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা। জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অধীনস্থ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন মন্ত্রী। প্রতিটি কাজের অগ্রগতি, প্রকল্পের সঠিক রুপায়ন নিয়েও আলোচনা হয় বৈঠকে। কোনো কাজ বাকি রয়েছে কি না তাও খতিয়ে দেখা হয়। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে জেলার উন্নয়নমূলক কাজের রিপোর্ট পেশ করেন প্রশাসনিক কর্তারা।
প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই নির্বাচনের আগে সমস্ত প্রস্তাবিত কাজগুলি সমাপ্তির ক্ষেত্রে নজর দিচ্ছে সরকার। মানুষ যাতে উন্নয়নমূলক পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই বার্তাই দিয়েছেন মন্ত্রী। এদিন প্রশাসনিক কর্মসূচি শেষে সাংবাদিক বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুরুতেই সংশ্লিষ্ট দফতরের অধীনে জেলার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানান, গৌড়বঙ্গের ৩ জেলার মধ্যে কাজের অগ্রগতির দিক থেকে প্রথম স্থানে রয়েছে উত্তর দিনাজপুর। এই জেলায় প্রায় ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। বকেয়া যে সামান্য পরিমাণ কাজ রয়েছে তা আগামী এপ্রিল-মে মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। সে বিষয়ে জেলার আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বকেয়া কাজ শেষ হলে নতুন কাজের প্রস্তাব গৃহীত হবে।
তাঁর দাবি, ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত এই জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ৪০০ কোটি টাকার উপরে কাজ হয়েছে। প্রশাসনিক বক্তব্যের পাশাপাশি রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া চাইলে মন্ত্রী উদয়ন গুহ জানান, দুর্নীতি প্রমাণিত হলে অবশ্যই দল বা সরকার ব্যবস্থা নেবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ার আগেই চোর বলা হচ্ছে। আগে প্রমাণিত হওয়া দরকার।
এরই পাশাপাশি দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ ইস্যুতে মন্ত্রীর দাবি, কোনো বিক্ষোভ নয় মানুষ আবদার করছেন, তাদের দাবি জানাচ্ছেন। সব দাবিই পূরণ করছে সরকার। এই দাবির মধ্যে দিয়েই ভরসা বাড়ছে মানুষের।

