উত্তর দিনাজপুর জেলার ডেঙ্গু পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ সেপ্টেম্বর: করোনা পরবর্তী সময়ে এবছর বর্ষার শুরু থেকেই রাজ্যজুড়ে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলার প্রশাসন, জেলা পরিষদ কিংবা পৌরসভাগুলিকে সতর্ক করা হয়েছে। প্রতিটি জেলার পরিস্থিতি পর্যবেক্ষন করছেন স্বাস্থ্য বিভাগের অফিসার ইন স্পেশাল ডিউটি বা ওএসডি। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষনে আসেন উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়।

এদিন পুরো জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রথমে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে বৈঠক করেন তিনি। এরপর রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এই স্বাস্থ্য কর্তা। ডেঙ্গুর চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি সার্বিক ভাবে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সরেজমিনে প্রত্যক্ষ করেন তিনি। কথা বলেন মেডিক্যাল কলেজের আধিকারিক, চিকিৎসক, নার্সদের সাথে।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুসান্ত বাবু জানিয়েছেন, এই জেলায় ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে প্রশাসন, জেলাপরিষদ ও পৌরসভাগুলিকে ডেঙ্গু রুখতে যাবতীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও জেলাপরিষদের ভূমিকায় কিছুটা খামতি রয়েছে বলেও এদিন মন্তব্য করেন তিনি। তবে তা ঠিক হয়ে যাবে বলে তিনি জানান। তাঁর বক্তব্য, বর্তমানে ১ জন ডেঙ্গু আক্রান্ত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন। তবে রোগীর সংখ্যা বাড়লে তাদের পৃথক চিকিৎসার বিষয়েও এদিন পরামর্শ দেন সুশান্ত বাবু।

অন্যদিকে ডেঙ্গু ঠেকাতে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ভূমিকা প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে বলেন, জেলাপরিষদের টিম ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। বাকি কাজও দ্রততার সাথে সম্পন্ন করা করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *