সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭এপ্রিল: একদিকে প্রচন্ড গরম, তার উপর পানীয় জল অমিল। জল না পেয়ে বালতি, কলসি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বড়জোড়ার হাটআশুরিয়ার অধিবাসীরা।
গরম পড়তেই বাঁকুড়া জেলার বেশ কিছু জায়গায় পানীয় জলের সমস্যা শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্হা হলেও গরম পড়তেই বিকল। বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়ার বেশ কয়েকটি পাড়ায় দীর্ঘ দিন ধরে পানীয় জলের সমস্যা চলছে। এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সোমবার বাসিন্দারা বালতি, কলসি নিয়ে রাস্তা অবরোধ করেন। অবরোধের ফলে তীব্র গরমের সাথে যানজটে বহু মানুষের ভোগান্তির একশেষ।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই সমস্যা আজকের নয়, দীর্ঘদিন ধরেই চলছে। তাদের বক্তব্য, কখনও ভালোভাবে জল এলেও এক দু’দিনের মধ্যেই তা উধাও হয়ে যায়। তারা দাবি করেন, সরকারিভাবে পানীয় জল দিলেও সেই কলে জল নেই কেন এর উত্তর নেই। এদিন এলাকার বাসিন্দারা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এখন রমজান মাস চলছে। রোজা রেখে সময় মত কলে জল পাচ্ছেন না তাঁরা। দূর দূরান্ত থেকে জল আনতে হচ্ছে।
কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ থাকায় ঘটনাস্থলে পুলিশ এসে তাদের আশ্বাস দিলে অবরোধ ওঠে। পাম্প বিকল হয়ে পড়ায় এই সমস্যা হয়েছে বলে বড়জোড়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মেরামতির কাজ শুরু হয়েছে। শীঘ্রই সমাধান হয়ে যাবে। ওই এলাকায় আপৎকালীন ব্যবস্থা হিসেবে দুটি ট্যাঙ্কারে করে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

