প্রার্থীর অপরাধমূলক কান্ডের তথ্য ৪৮ ঘন্টার মধ্যে সব দলকে জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ১০ আগস্ট: প্রতিটি রাজনৈতিক দলকে প্রার্থী নির্বাচনের ৪৮ ঘন্টার মধ্যেই তার সমস্ত ক্রিমিনাল রেকর্ড প্রকাশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এক মামলার শুনানি চলাকালীন, রাজনীতিতে অপরাধীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি নিয়ে চিন্তা প্রকাশ করে সুপ্রিমকোর্ট এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার রুখতেও পদক্ষেপ করেছে আদালত। কোনও বিধায়ক বা সাংসদের বিরুদ্ধে চলা মামলা সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের অনুমোদন বা নির্দেশ ছাড়া তুলে নেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আরএফ নরিম্যান এবং বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, গত বছরের বিহারের বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে, ২০২০ সালে ১৩ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের রায়ের সামান্য পরিবর্তন করা হল আজ। পূর্বের রায়ে বলা হয়েছিল প্রার্থী নির্বাচন করার ৪৮ ঘন্টা থেকে প্রথম তারিখের দুই সপ্তাহের মধ্যে প্রার্থীর সকল তথ্য দলকে জাতীয় এবং আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশ করতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই ক্রিমিনাল রেকর্ড থাকা সত্বেও তাকে প্রার্থী বাছাই করা হল কেন তার জবাবদিহিও করতে হবে সংশ্লিষ্ট দলের ওয়েবসাইটে ও দলের ফেসবুক এবং টুইটার হ্যান্ডেলে। তা না হলে পার্টির সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু হবে।

কিন্তু সেই নির্দেশ সঠিকভাবে পালিত হচ্ছে না বলে পিটিশন জমা করা হয়েছিল। আজ সেই মামলারই শুনানি চলাকালীন আগের দেওয়া সময়সীমাকে কমিয়ে ৪৮ ঘন্টা করে দেওয়া হল। ভারতীয় রাজনীতিকে অপরাধমুক্ত করার উদ্দেশ্য সুপ্রিম কোর্টের এই তাৎপর্যপূর্ণ এই পদক্ষেপ বাস্তবে কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *