আমাদের ভারত, কলকাতা, ১০ অক্টোবর : নোয়াখালী দিবসে হিন্দুদের ঘুরে দাঁড়ানোর আবেদন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আজ ১০ই অক্টোবর, ১৯৪৬ সালে এই দিনটা অবিভক্ত বাংলার নোয়াখালী জেলার ২০% হিন্দুর পক্ষে চরম সর্বনাশের দিন।
সেদিনের ঘটনার বর্ননা দিতে গিয়ে তথাগত রায় লিখেছেন, গোলাম সারোয়ার নামক এক শয়তানের নেতৃত্বে সেদিন মুসলমানরা ‘মালাউনের রক্ত চাই’ বলে চিৎকার করে বেরিয়ে পড়েছিল। অগণিত হিন্দু হত্যা, নারী ধর্ষণ ও বলপূর্বক ধর্মান্তরকরণ শুরু হয়েছিল সেদিন!“
এর আগে তিনি লিখেছেন, “মোহনদাস গান্ধী, জওহরলাল নেহরু ও বামপন্থীদের ভণ্ডামি ও তত্ব এমনভাবে হিন্দুদের এক বৃহদংশের মনের মধ্যে কেটে বসে গেছে যে এরা চোখের সামনে নিজের মা-বোনকে ধর্ষিতা বা নিহত হতে দেখলেও বলবে, “না, না ! এক কথায় ওদের অপরাধী বলে দেগে দেওয়া যায় না ! ওদের দিকটাও তো শুনতে হবে!”
প্রসঙ্গত, পূর্ববঙ্গের নোয়াখালী ও ত্রিপুরা জেলায় স্থানীয়দের দ্বারা সংঘটিত ধারাবাহিক গণহত্যা, ধর্ষণ, অপহরণ, হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। নোয়খালী জেলার রামগঞ্জ, বেগমগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর, ছাগলনাইয়া থানা এবং ত্রিপুরা জেলার হাজিগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর, লাকসাম ও চৌদ্দগ্রাম থানার অধীনে সর্বমোট প্রায় ২০০০ বর্গকিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

