আমাদের ভারত, ৯ আগস্ট: পেগাসাস বিতর্কে সংসদে সোমবার প্রথম বিবৃতি দিল কেন্দ্র সরকার। ইজরায়েলি সফটওয়্যার সংস্থা এনএসএ গ্রুপের সঙ্গে কোনো কেন্দ্র সরকারের কোনো আর্থিক লেনদেন হয়নি। বিবৃতি দিয়ে এমনটাই জানালে প্রতিরক্ষামন্ত্রী
পেগাসাস প্রস্তুতকারী ইজরায়েলি সংস্থা এনএসএ’র সঙ্গে কেন্দ্রের কোনরকম আর্থিক লেনদেন হয়নি। সংসদের বাদল অধিবেশনে ফোনে আড়িপাতা কাণ্ড নিয়ে বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যে একথা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী। ইজরায়েলি সংস্থা এনএসএ-র সঙ্গে কেন্দ্রের কোনওরকম আর্থিক লেনদেন হয়েছে কিনা রাজ্যসভার অধিবেশনে তা জানতে চেয়েছিলেন সিপিএম সাংসদ ভি শিবদাসন। এই প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট জানান, “ইজরায়েলি সংস্থার সঙ্গে কোনো রকম আর্থিক লেনদেন হয়নি কেন্দ্রের।”
দেশের বিরোধী নেতা, সাংবাদিক, সমাজকর্মী, বিচারপতিদের, কেন্দ্রীয় আধিকারিকদের ফোনে আড়িপাতা নিয়ে একটি সংবাদমাধ্যমের রিপোর্ট প্রকাশ হবার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। ইজরায়েলি সংস্থা এনএসএ আগে জানিয়েছে পেগাসাস নামক স্পাইওয়্যার তারা শুধুমাত্র কোনো দেশের সরকারকেই বিক্রি করে। আর সেই সূত্র ধরেই বিরোধীরা দাবি করে, কেন্দ্র বেআইনিভাবে দেশের নাগরিকদের ওপর নজরদারি চালিয়েছে। আর তা নহলে অন্য কোনো দেশের সরকার সেটা করেছে।
এদিকে মোদী সরকার বারবারই জানিয়েছে, কেন্দ্র কোনও নাগরিকের উপর বেআইনিভাবে নজরদারি চালায়নি। কেন্দ্রের এই বক্তব্য ধরে নিয়ে বিরোধীদের দাবি, ফোনে আড়িপাতা কাণ্ডে অন্য দেশ জড়িত থাকলে এই বিষয়টি জাতীয় নিরাপত্তার বিষয়ক। তাই নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন তারা। কিন্তু তাতে রাজি হয়নি কেন্দ্র।
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পেগাসাস বিতর্ক নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে নস্যাৎ করে দিয়েছিলেন। সংসদে বক্তব্য রাখার সময় তিনি পাল্টা অভিযোগ করে বলেছিলেন, সংসদে বাদল অধিবেশনের ঠিক আগে ফোনে আড়িপাতার অভিযোগকে সামনে নিয়ে এসে আসলে ভারতের গণতন্ত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর দাবি ছিল, অনুমতি ছাড়া ভারতে কোনও ব্যক্তির ফোনে বেআইনি নজরদারি চালানো অসম্ভব। যদিও তথ্য প্রযুক্তি মন্ত্রীর এই বক্তব্যে সন্তুষ্ট হয়নি বিরোধীরা। তার ফলে বাদল অধিবেশন শুরু থেকেই বিরোধীদের বিক্ষোভ অচল রয়েছে। তার মাঝেই পেগাসাস নিয়ে বিবৃতি দিল কেন্দ্র।

