আমাদের ভারত, ৩০ আগস্ট: তালিবানদের নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই। কাশ্মীরে তালিবানদের কাছ থেকে কোনো রকম বিপদের আশঙ্কা নেই। চাইলেও তারা কোনো ক্ষতি করতে পারবে না। এভাবেই আশ্বস্ত করলেন এক ভারতীয় সেনা আধিকারিক।
পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে টানা ১০৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে আফগানিস্থানের। সীমান্ত লাগোয়া বারোটি আফগান প্রদেশ। অন্যদিকে কাশ্মীরের সীমান্ত লাগোয়া এলাকাগুলি হল খাইবার পাখতুয়াঙ্খোয়া, বালুচিস্তান এবং গিলগিট-বালিস্তান। এগুলি আপাতত পাক নিয়ন্ত্রণে রয়েছে। ফলে তালিবানরা আফগানিস্তান দখল করার পরে সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ তালিবান আফগানিস্থান দখলে পাকিস্তানের পরোক্ষে মদত আছে বলে মনে করা হচ্ছে। তার সাথে অনেকেই মনে করছেন এবার কাশ্মীর দখলে পাকিস্তানকে মদত দেবে তালিবানরা।
কিন্তু রবিবার ভারতীয় সেনাবাহিনীর ১৫ কর্পসের জেনারেল অফিসার কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে বলেন, “কাশ্মীরের নিরাপত্তা সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই।”
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কাশ্মীর স্টেডিয়ামে কাশ্মীর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন ডিপি পান্ডে, সেখানেই একথা বলেন তিনি। যদিও পান্ডে আগেও বলেছেন, তালিবানদের থেকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। দিন কয়েক আগে তিনি দাবি করেন, তালিবানরা যদি ভারতের সীমান্তে এসে পড়ে তবে তাদের এলওসিতে দুর্ভেদ্য প্রাচীরের মোকাবিলা করতে হবে। ভারতীয় সেনা এই ধরনের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। তাই তালিবানরা চাইলেই কিছু করতে পারবে না। কাশ্মীরের কোনও ক্ষতি করতে পারবে না।

