আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: সুপ্রিমকোর্টে সাময়িক স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে তার বিরুদ্ধে সোমবার পর্যন্ত বড় পদক্ষেপ নিতে পারবেন না ইডি। ফলে সোমবার পর্যন্ত তাকে গ্রেফতার কিংবা আটক করতে পারবেন না এনফর্সমেন্ট ডিরেক্টরেট।
বেআইনি কয়লা পাচার মামলায় শুক্রবার কলকাতায় অধিদপ্তরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৮ ঘন্টা জেরার পর বিকেল সাড়ে পাঁচটায় তিনি বেরিয়ে আসেন সিজিও কমপ্লেক্স থেকে। অন্যদিকে সুপ্রিমকোর্টেও তিনি আবেদন জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে সোমবার। তার আগেই যেন কোনো চরম পদক্ষেপ না করে।
এর আগে বেআইনি পাচার মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সুরাহা পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে ও তার স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়কে জেরার জন্য বারবার দিল্লিতে তলব করা হচ্ছিল বলে অভিষেক জানিয়েছিলেন। বারবার দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। সেই আবেদন প্রথমে দিল্লি হাইকোর্ট খারিজ করলেও সুপ্রিম কোর্ট মেনে নেয়। কিন্তু সুপ্রিম কোর্ট একইসঙ্গে জানিয়েছিল, কলকাতায় অভিষেককে জেরা করতে গেলে ইডি অফিসারদের উপর যেন কোনো হামলা না হয়। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর ইতিমধ্যে কলকাতার দপ্তরে একবার রুজিরার জেরা হয়েছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করছে ইডি।

