আমাদের ভারত, ৯ এপ্রিল:রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ দেওয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক টিকাকরণের নিয়মবিধি উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগে প্রথম সারির করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য এই টিকা বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে নির্ধারিত মূল্য দিয়ে কিনতে হবে। তবে কোনো বেসরকারি কেন্দ্র ডোজ প্রতি দেড়শ টাকার বেশি সার্ভিস চার্জ ধার্য করতে পারবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস ( ৩৯ সপ্তাহ বা ২৭৩ দিন) পর বুস্টার ডোজ নেওয়া যাবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগে যে সংস্থার টিকা নেওয়া হয়েছে সে একই সংস্থার টিকা নেওয়া বাধ্যতামূলক। কোউইন অ্যাপ বা বেসরকারি টিকাকরণ কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করা যাবে।
ষাটোর্ধ্বদের এবং স্বাস্থ্য কর্মীদের জন্য গত জানুয়ারি মাস থেকেই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছিল। ইতিমধ্যে ৮৪ শতাংশ মানুষ টিকার দুটি ডোজ নিয়ে ফেলেছেন। ১৫ বছরের উর্ধ্বে যারা রয়েছেন তাদেরও ৯৬% প্রথম ডোজ নিয়েছেন। শুক্রবার কেন্দ্র ঘোষণা করেছে ১৮ বছরের উর্ধ্বে প্রাপ্তবয়স্করা রবিবার থেকে বুস্টার টিকা নিতে পারবেন। ১০ এপ্রিল থেকে এই টিকাকরণ শুরু করা হবে শুধুমাত্র বেসরকারি টিকাকরণ কেন্দ্রেই।

