আমাদের ভারত, ৪ মে: নন্দীগ্রামের ফলাফলে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তেই শেষ কথা বলে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের ফল প্রকাশ পাওয়ার ৪৮ ঘণ্টার মাথায় কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল নন্দীগ্রামের ভোটের ফলাফল পুনর্গননা করা হচ্ছে না। তবে এরপরেও যদি শাসকদলের এই ফলাফল নিয়ে সমস্যা থাকে তবে আদালতের দ্বারস্থ তারা হতে পারে।
ভোটের ফলের পর ২৪ ঘন্টা কেটে গেল নন্দীগ্রাম নিয়ে আলোচনা থামেনি। শুভেন্দু অধিকারীর জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় হারে থেকেও বেশি আলোচনা শুরু হয়েছে ফলাফল ঘোষণার পদ্ধতি নিয়ে। প্রথমে তৃণমূল নেত্রীকে জয়ী ঘোষণা করেও পরে কিভাবে ফল উল্টে গেল সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব। ফলাফলে কারচুপি হয়েছে এই আশঙ্কার কথা তুলে আদালতে যাওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও।
তার মধ্যেই নন্দীগ্রাম নিয়ে বড় বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে নন্দীগ্রামে পুনর্গননার আপাতত কোনভাবেই সম্ভব নয়। ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত এক্ষেত্রে চূড়ান্ত। সংবিধানের সংশ্লিষ্ট ধারার কথা উল্লেখ করে এমনটা করা সম্ভব না বলে জানানো হয়েছে। তবে তৃণমূল চাইলে হাইকোর্টে আবেদন করতে পারে বলে জানিয়েছে কমিশন।
আরও দু’টি বিষয়ে কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের রিটার্নিং অফিসারের প্রাণ সংশয় আশঙ্কার কথা জানিয়েছিলেন। কমিশন সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। একইসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে গণনার পর আগামী ৪৫ দিন যেন ইভিএম ও ভিভিপ্যাট পর্যাপ্ত সুরক্ষা বলয়ে রাখা হয়।

