রাজেন রায়, কলকাতা, ২০ ডিসেম্বর: কলকাতা পুরসভায় বিজেপির পুনর্নিবাচনের দাবি খারিজ করে দিল রাজ্য নির্বাচন কমিশন। পুরসভার কোনও ওয়ার্ডের কোনও বুথেই পুনর্নিবাচন হচ্ছে না বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। সব বুথের রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।
রবিবার কলকাতা পুরসভার ১৪৪টি আসনে ভোটগ্রহণ হয়। পুর এলাকায় ১৪৪ টি ওয়ার্ডের ১ হাজার ৭৭৬ টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৯৫৯ টি বুথে হয় ভোটগ্রহণ। মোট ভোটার ছিলেন ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ জন। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই শেষ হয় পুরসভার ভোটগ্রহণ। ভোট পড়ে প্রায় ৬৪ শতাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটকে কেন্দ্র করে বড় গোলমালের কোনও খবর নেই। মোট ১৯৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এদিকে এই ভোটকে চরম প্রহসন বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করে সব বুথে পুনর্নিবাচনের দাবি জানান। তিনি বলেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। এদিন মাত্র ২০ শতাংশ মানুষ নিজেদের ভোট দিতে পেরেছেন বলে তিনি দাবি জানান। তৃণমূল ভোট লুট করেছে বলেও তিনি অভিযোগ করেন। সব মিলিয়ে প্রতিটি বুথেই পুনর্নিবাচনের দাবি জানান তিনি।
তবে শুভেন্দু অধিকারীর সেই দাবি খারিজ করে দেয় রাজ্য নির্বাচন কমিশন। জানানো হয়, সব বুথের রিপোর্ট পর্যবেক্ষণ করা হয়েছে। কোনও বুথ থেকে বেনিয়মের অভিযোগ আসেনি। ফলে কোনও বুথেই পুননির্বাচন হচ্ছে না। নির্দিষ্ট সময় অনুযায়ী মঙ্গলবার ২১ ডিসেম্বরই ফলাফল ঘোষণা করা হবে।

