কোনও রাজনৈতিক দল’কে উপ নির্বাচনের প্রচারে বাধা দেওয়া হবে না: শোভন দেব চট্টোপাধ্যায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ অক্টোবর: খড়দহ উপ নির্বাচনে কোনও রাজনৈতক দলকে প্রতিদ্বন্দ্বীতা করতে বাধা দেওয়া হবে না।” উপ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে এই কথাই জানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়।

আগামী ৩০ অক্টোবর খড়দা বিধানসভার উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে শোভন দেব চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার খড়দা বিধানসভার উপ নির্বাচনে নিজের মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। এদিন খড়দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় সকালে প্রথমে খড়দা শ্যামসুন্দর মন্দিরে পুজো দেন। এরপর তিনি ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা করেন।

এদিন শোভন বাবু বলেন, “এখনও পর্যন্ত যত বার নির্বাচনে প্রার্থী হয়েছি ততবার জয় লাভ করেছি, এবারও যাতে জয় লাভ করতে পারি তাই মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দেব। বিজেপিতে যে দাঁড়িয়েছেন তাকে আমার শুভেচ্ছা। বিজেপি, কংগ্রেস, সিপিএম সব দলের প্রার্থীরা অংশ নিক নির্বাচনে, লড়াই করুক, আমাদের ছেলেরা কখনো বাধা দেবে না
তাদের ।”

এদিন তিনি মনোনয়ন পত্র জমা দিয়ে বেড়িয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে তিনি একমাত্র যিনি মানুষের মান উন্নত করতে পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে যাতে আরও ত্বরান্বিত করা যায় আমি খড়দাতে জিতে সেই কাজেই স্বচেষ্ট হবো। খড়দার মানুষের বর্তমানে মূল সমস্যা হল জল জমার সমস্যা, খাল সংস্কার করা, এবং ওভার ব্রিজের দাবি আছে বাসিন্দাদের। আমি সেগুলো নিয়ে আগে কাজ করবো।”

প্রসঙ্গত, ২০২১ সালে বিধান সভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে জয় লাভ করেছিলেন কাজল সিনহা, কিন্তু তিনি নির্বাচনের ফল প্রকাশের আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকেই বিধায়ক শূন্য হয়ে গেছিলো এই বিধানসভা। তাই এই বিধানসভাতে পুনরায় ভোট গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *