আমাদের ভারত, ৮ মার্চ: রাশিয়ার থেকে তেল কিনতে গেলে কারোর অনুমতির প্রয়োজন নেই ভারতের। মোদী সরকারের তরফে স্পষ্ট ভাবেই একথা ঘোষণা করে দেওয়া হলো। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে সাময়িক ছাড় দিয়েছে আমেরিকা। যা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে। আমেরিকা কিভাবে ভারতকে তেল কেনার অনুমতি দিতে পারে? এবার তার জবাব দিল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালীতে উত্তেজনা থাকা সত্ত্বেও ভারতের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রয়েছে। ভারত তার অপরিশোধিত তেলের উৎসকে ২৭টি থেকে ৪০টি দেশে নিয়ে গেছে। জ্বালানি সরবরাহে একাধিক বিকল্প রোড নিশ্চিত করা হয়েছে। জাতীয় স্বার্থে ভারত সবথেকে প্রতিযোগিতামূলক এবং সাশ্রয় হবে এমন যে কোনো জায়গা থেকে তেল কেনে।
কেন্দ্র সরকার জানিয়েছে, আমেরিকার ৩০ দিনের ছাড়ের ঘোষণার পরেই রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে আমেরিকার তরফে। যদিও কেন্দ্র জানিয়েছে, রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারত কোনো দেশের ওপর নির্ভর করে না। কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই।
কেন্দ্র একটি বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও ভারত রাশিয়ার তেল আমদানি করেছে। আর রাশিয়া এখনো ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী।
কেন্দ্র আগেই জানিয়েছে, ভারতের ভান্ডারে ২৫ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য আছে। এখনো ৭-৮ সপ্তাহ পর্যন্ত তা ব্যবহার করতে পারবে ভারত।
অন্যদিকে নয়া দিল্লির এই বিবৃতির পর সম্প্রতি মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, ভারতীয়রা খুব ভালো অ্যাক্টর। আমরা ওদের রাশিয়ার তেল কিনতে বারণ করেছিলাম। এর বিকল্প হিসেবে মার্কিন তেল কিনবে ভারত। কিন্তু নয়া দিল্লি জানিয়ে দিল যে তারা কাউকে তোয়াক্কা করে না।

