“পদ্ম ফুল কেউ চায় না, তাতে কাঁটা ধরেছে”, দক্ষিণেশ্বরে দলের মঙ্গল কামনায় পুজো দিয়ে বললেন মদন মিত্র

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ মে: অক্ষয় তৃতীয়ার দিন দক্ষিণেশ্বর মন্দিরে দলের মঙ্গল কামনা করে ও আগামী পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে তার নতুন গানের শুভ কামনায় পুজো দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

অক্ষয় তৃতীয়ার সাথেই আজ খুশির ইদ তাই সকাল সকাল ইদের শুভেচ্ছা বিনিময়ের পরে মদন মিত্র পুজো দিতে চলে আসেন দক্ষিণেশ্বর মন্দিরে। প্রতি বছর মদন মিত্র বছরের বিশেষ দিন গুলোতে তৃণমূল দল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাদের মঙ্গল কামনা করে দক্ষিণেশ্বরে পুজো দেন। তার অন্যথা এবারও হলো না।

এদিন মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেন, পুজো দেওয়ার পর জোড়া ফুল পেয়েছেন তিনি। আর তাতে কোন পদ্মফুল তিনি পাননি। এতেই প্রমাণিত পদ্ম কেউ চায় না। পদ্মে কাঁটা ধরেছে।

এদিন দক্ষিণেশ্বর পুজো দিতে এসে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে মদন মিত্র বলেন, সিবিআই ডাকলে অনুব্রতর উচিত সিবিআইয়ের সামনাসামনি হওয়া।
আমি নিজে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরাকেও সিবিআইয়ের সামনাসামনি হতে হয়েছে।আমাদের দল কখনই সিবিআই ডাকলে তা এড়িয়ে যাওয়ার কথা বলে না। আমরা সব সময় সিবিআই ডাকলে তার সাথে সহযোগিতা করেছি। সিবিআই ডাকলে অনুব্রত অসুস্থ হয় আবার অনুব্রত অসুস্থ হয়ে পড়লে সিবিআই ডাকে। হয়ত সিবিআই অনুব্রত অসুস্থ হওয়ার কথা জেনে যায় তাই ও অসুস্থ হলেই ডাকে। তবে আমার আশা অনুব্রত সুস্থ হয়ে গেলে নিশ্চই সিবিআইয়ের মুখোমুখি হবে।”

এদিন অর্জুন সিংয়ের জুট নিয়ে তোলা কেন্দ্রের বিরুদ্ধে ডাকা আন্দোলন প্রসঙ্গে মদন মিত্র বলেন, যে কেন্দ্র ভ্যাকসিন দেয় না তার বিরুদ্ধে অনেক বিষয় নিয়ে বিরোধিতা করা উচিত। আর অর্জুন সিং এখন সুন্দর বাগানের দিকে এগোচ্ছে তাই অর্জুন সিংকে আমার দেখতেও ভালো লাগছে।

এদিন মদন মিত্র যেমন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে পূণ্যকে অক্ষয় করেন।ঠিক সেই ভাবেই এদিন ভোর থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে লাখো ভক্তের সমাগম হয়েছিল। ২ বছর বাদে ফের অক্ষয় তৃতীয়াতে মানুষ আবার দক্ষিণেশ্বরে পুজো দিতে পারলেন। এদিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে। আবার এদিন অনেকেই ব্যবসার খাতা পুজো দিতেও আসেন দক্ষিণেশ্বর মন্দিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *