রাস্তার ধারে কিংবা স্কুল-কলেজে ধর্মীয় স্থানের আশপাশে আমিষ খাবার বিক্রি করায় জারি নিষেধাজ্ঞা

আমাদের ভারত, ১৬ নভেম্বর:রাস্তার ধারে বসে আমিষ খাবার বিক্রি করা নিষেধ। বিজেপি শাসিত গুজরাটের একাধিক শহরেই এই নিয়ম চালু করে দিল রাজ্য প্রশাসন। নতুন নির্দেশ অনুযায়ী শুধু রাস্তার দু’পাশেই নয় স্কুল-কলেজে ধর্মীয় স্থান গুলির ১০০ মিটারের মধ্যে কোনরকম আমিষ খাবার বিক্রি করা যাবে না।

আমেদাবাদ, ভাদোদারা, রাজকোট, সহ ওই রাজ্যের বেশিরভাগ শহরেই বুধবার থেকে এই নতুন নিয়ম জারি হতে চলেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন আমিষ খাবার নিষিদ্ধকরণের সঙ্গে জনসাধারণের খাদ্যাভ্যাসের কোন সম্পর্ক নেই। রাজ্যবাসী যা ইচ্ছে তাই খেতে পারেন। আমিষ কিংবা নিরামিষ খাবার খাওয়া নিয়ে কোনো প্রশ্নই নেই।

কিন্তু রাস্তার ধারে আমিষ খাবারের নামে নিম্নমানের খাবার বিক্রি করা চলছে। সেই নিম্নমানের খাবার পরিবেশন আটকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাস্তার ধারে ফুটপাতগুলোতে জবরদখল ফুডস্টল করে যাতে না বসতে পারে কেউ, সে দিকটিও নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই আমেদাবাদের সব বড় রাস্তার ধারে আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কোন স্কুল- কলেজ, ধর্মীয় স্থানের ১০০ মিটারের মধ্যে যাতে আমিষ খাবার বিক্রী না হয়, সেদিকেও কড়া নজর রাখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *