আমাদের ভারত, ৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জন সমর্থ পোর্টালের উদ্বোধন করেছেন। অর্থমন্ত্রক ও কর্পোরেট মন্ত্রকের অনুষ্ঠানে বিজ্ঞান ভবনে এই পোর্টালের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের একাধিক আর্থিক প্রকল্পের সুবিধা পেতে লগইন করতে হতো একাধিক পোর্টালে। এবার সেই সমস্যা দূর করতে জন সমর্থ পোর্টালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবার থেকে এই একটি পোর্টালের মাধ্যমেই কেন্দ্রে বিভিন্ন স্কিমের সুবিধা পাবেন দেশবাসী।
এদিন পোর্টাল উদ্বোধন করা ছাড়াও এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা, কুড়ি টাকার বিশেষ কয়েন উদ্বোধন করেন। “আজাদি কি অমৃত মহোৎসবে”র লোগো থাকবে এই বিশেষ কয়েনে।
জন সমর্থ পোর্টাল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ১৩টি ক্রেডিট সংযুক্ত সরকারি প্রকল্পকে এক ছাতার তলায় আনা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে উপভোক্তারা অনলাইনে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী হওয়ার যোগ্যতা যাচাই করতে পারবেন এবং খুব সহজেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
অনলাইনে আবেদন করে এই প্রকল্পের অনুমোদন পাওয়া সম্ভব হবে। গোটা প্রক্রিয়াটাই হবে ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে। ফলে খুব সহজে কম জটিলতায় সরকারি ক্রেডিট সংক্রান্ত স্কিমের সুবিধা পেতে পারবেন মানুষ। বর্তমানে এই পোর্টালের দশটি নোডাল এজেন্সিও ১২৫ টির বেশি ঋণদাতা রয়েছে।
বর্তমানে এই পোর্টালের ঋণ প্রকল্পে চারটি বিভাগ রয়েছে। এডুকেশন ঋণ, কৃষিঋণ, জীবিকা সংক্রান্ত ঋণ এবং ব্যবসায়িক ঋণ। সুবিধাভোগী যে বিভাগের ঋণ নিতে চাইবেন তার জন্য প্রথমে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। এই যোগ্যতার প্রমাণ দিতে কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। ঋণ নেওয়ার যোগ্য হলে সুবিধাভোগীকে নিজের বিস্তারিত তথ্য ও ডকুমেন্ট জমা দিতে হবে। তাহলে প্রয়োজনমতো স্কিম বেছে নেওয়া যাবে। স্কিম বেছে নিলে আবেদন সম্পন্ন হবে। এরপর অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। অনুমোদিত হলে সংশ্লিষ্ট স্কিমের অধীনে ঋণ পেয়ে যাবে সুবিধাভোগী।

