Seva Tirtha, Delhi, PM, আর সাউথ ব্লক নয়, দীর্ঘ ৮ দশকের অতীত পেরিয়ে নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের নতুন ঠিকানা “সেবা তীর্থ”

আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: শুক্রবার ঠিকানা বদল হলো নয়া দিল্লির। ঐতিহাসিক সাউথ ব্লকের ৮০ বছরের পুরনো প্রাইম মিনিস্টার অফিস বা পি এম ও -র এখন নয়া ঠিকানা রাইসিনা হিলসের কাছে সেন্ট্রাল ভিস্তার এক্সিকিউটিভ এনক্লেভ ভবন, নাম সেবা তীর্থ। শুক্রবার সেই ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেবল পিএমও অফিসই নয়, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিবালয়, মন্ত্রী সভার সচিবালয়, প্রতিটি দপ্তরের নতুন ঠিকানা এই “সেবা তীর্থ”।

ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে প্রশাসনিক স্তরে নানা বদল ঘটিয়েছে মোদী সরকার। সাউথ ব্লকের সেবা তীর্থে পরিণত হওয়ার এই যাত্রা সেই বদলেরই অংশ। শুধু সাউথ ব্লক নয়, কেন্দ্রীয় সচিবালয় হয়েছে কর্তব্য ভবন। রাজপথ হয়েছে কর্তব্য পথ। রেসকোর্স রোড হয়েছে লোক কল্যাণ মার্গ। রাজভবন হয়েছে লোক ভবন।

এই নয়া বদল নিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে পিএমও। তাতে বলা হয়েছিল, শুক্রবার দুপুরে সেবা তীর্থের পাশাপাশি কর্তব্য ভবন এক ও কর্তব্য ভবন ২- এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মোদীর হাত ধরে উদ্বোধন হওয়া সেবা তীর্থ ভবনের পাশেই আরো দুটি ভবন রয়েছে। সেবা তীর্থ ২ এবং সেবা তীর্থ ৩। সেখানেই হবে ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দপ্তর।

এছাড়া কর্তব্য ভবন এক ও দুইতে কেন্দ্রীয় অর্থ, প্রতিরক্ষা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, কর্পোরেট, শিক্ষা, সংস্কৃতি, আইন ও বিচার, তথ্য ও সম্প্রচার, কৃষি ও কৃষি কল্যাণ- এর মত বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর স্থানান্তরিত হচ্ছে বলে খবর। উল্লেখ্য, আগেই নর্থ ব্লক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তথ্য মন্ত্রকের অধিকাংশ দপ্তর সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় তৈরি কর্তব্য ভবনে সরে গিয়েছে। এছাড়া অন্যান্য সচিবালয়ের জন্য কর্তব্য ভবন নামে দশটি বহুতল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনটি কর্তব্য ভবন তৈরি হয়ে গিয়েছে, পরে বাকি সাতটি। এগুলি তৈরি হয়ে গেলে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক সেখানে সরে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *