আমাদের ভারত, ১ নভেম্বর: একের পর এক ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার দিল্লিতেও লাগু হলো নয়া নিয়ম। মন্দির, গির্জা, গুরুদ্বার, মসজিদের মতো ধর্মীয় স্থানের সামনে থেকে মাংসের দোকানের দূরত্ব কমপক্ষে ১৫০ মিটার হতে হবে। প্রস্তাবিত এই নয়া আইনে অনুমতি দিল দিল্লি পৌর নিগম। নতুন মাংসের দোকানে লাইসেন্স পেতে কিংবা পুরনো লাইসেন্স পুনর্নবীকরণে এই শর্ত মানতে হবে এবার থেকে।
সম্প্রতি দিল্লি পৌর নিগমের বিরোধীদের হট্টগোলের মধ্যে একাধিক নয়া প্রস্তাব পাস করা হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম ছিল মাংসের দোকান এবং মন্দির, গরুদ্বারের মতো ধর্মীয় স্থানের মধ্যে নির্দিষ্ট দূরত্ব ঠিক করে দেওয়া।
পৌর নিগম সূত্রে জানাগেছে নতুন মাংসের দোকান, মাংস প্রক্রিয়াকরণ ইউনিট, প্যাকেজিং বা স্টোরেজ প্ল্যান্টের লাইসেন্স পেতে বা লাইসেন্স পুনর্নবীকরণে ধর্মীয় স্থান থেকে দূরত্ব হতে হবে কমপক্ষে দেড়শো মিটার।
প্রকাশ্যে মাংস কাটা নিয়ে সাম্প্রতিককালে একাধিক বিভেদ দেখা গেছে গোটা দেশে। এই ধরনের বিষয় নিয়ে বারবার সরব হয়েছে পদ্ম শিবির। এমনকি গোরক্ষকদের প্রতিবাদের মুখে পড়েছে বহু মানুষ। অনেক ক্ষেত্রে খুনের অভিযোগে উঠেছে। ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষা নিয়ে সোচ্চার হয়েছেন বিশুদ্ধ হিন্দুত্ববাদীরা। এবার এই সমস্ত কিছু থেকে শিক্ষা নিয়ে দিল্লির পৌর নিগম নয়া আইন আনল এই ক্ষেত্রে।

