গোলরক্ষক যত ভালই হোক, আমরাও ভালো স্ট্রাইকার, মমতাকে কটাক্ষ রাজীবের

রাজেন রায়, কলকাতা, ২২ ফেব্রুয়ারি: রবিবার ভাষা দিবসের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে ধমকে চমকে লাভ নেই, খেলায় আমরা জিতব। আমি গোলরক্ষকের ভূমিকায় থাকব। দেখি তোমরা কটা গোল করতে পারো। এভাবেই বিজেপিকে নাম না করে আক্রমণ করেছেন তিনি। সেই প্রসঙ্গ তুলে ধরে রাজীব বলেন, ”আপনি গোলকিপার হিসেবে খেলতে চাইছেন কেন? তার মানে কি আপনার দলে খেলার লোক নেই। তাই আপনাকে গোলে খেলতে হচ্ছে। যত ভালো গোলরক্ষক আপনি হন না কেন, আমরাও ভালো স্ট্রাইকার। গোল করতে জানি‌। খালি বলছেন খেলা হবে। কি বোঝাতে চাইছেন? মানুষকে ভোট দিতে দেবেন না, রক্তাক্ত নির্বাচন করবেন, তাই বলছেন খেলা হবে? জেনে রাখুন বিজেপি দাঙ্গা চায় না, অশান্তি চায় না। সংঘর্ষের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনীতিটা কি খেলার ময়দান? রাজনীতি মানে সেবা। সেটা আমরা করব।”

সোমবার ডানলপ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে বক্তব্য রাখেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেখান থেকেই তৃণমূলকে ব্যাপক নিশানা করেন তিনি। রাজীব বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক কোথায় গেল? তবে কি নেত্রীর ম্যাজিক উধাও? কারণ ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে আসা হয়েছে। কিন্তু তাতে লাভ হবে না।

বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন তাঁরা এবার বিজেপিকে ভোট দেবেন। সেখানে স্ট্র্যাটেজিস্ট কিছু করতে পারবেন না। বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে। এর আগে আপনারা বামেদের ৩৪ বছর এবং তৃণমূলকে ১০ বছর সময় দিয়েছেন রাজ্য শাসনের জন্য। তাই আপনাদের বলছি একবার বিজেপিকে ৫ বছর সময় দিন। দেখবেন উন্নয়ন কোথায় যায়। রাজ্য এবং কেন্দ্রে একই সরকার দরকার উন্নয়নের জন্য। তাই আমরা ডবল ইঞ্জিনের কথা বলছি। সেটা আপনারা করে দেখান, এই আবেদন রাখছি।” এদিন খেলা হবে স্লোগান নিয়েও তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *