জে মাহাতো, মেদিনীপুর, ২৮ এপ্রিল: করো-না সংক্রমণের দ্বিতীয় পর্যায় ভয়াবহ রূপ ধারণ করে আছড়ে পড়ায় বাংলা থেকে ওড়শায় যাতায়াতের ক্ষেত্রে রাশ টানতে উদ্যোগ নিল সংশ্লিষ্ট দুই রাজ্য। মহামারীর সংক্রমণে সারাদেশের সঙ্গে এই দুই রাজ্যেও শুরু হয়েছে মৃত্যু মিছিল। তাই সংক্রমণের হাত থেকে মুক্তির অন্যতম উপায় হিসেবে সকলের সতর্কতা অবলম্বন ও নির্দিষ্ট কিছু নিয়মবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এইরকম এক উদ্বেগজনক পরিস্থিতিতে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সংক্রমনের হার বেশি। তাই ওড়িশা রাজ্য প্রশাসনের উদ্যোগে বাংলা–ওড়িশার সীমান্তবর্তী সোনাকানিয়া বর্ডার এলাকা সিল করা হল। মঙ্গলবার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় চলছে প্রহরা। উপযুক্ত কোনো কারণ ছাড়া কাউকে ওড়িশা রাজ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

