স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ আগস্ট: বিজেপি প্রধানদের বিরুদ্ধে অনাস্থা এনে মঙ্গলবার আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েত দখলের পর বুধবার আরেকটি পঞ্চায়েত বোর্ডের দখল নিল তৃণমূল। বুধবার করণদিঘি ১ নং গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। করণদিঘি ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত শ্যামল বলেন, করণদিঘি ১ নং গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য ১৪ জন। তার মধ্যে এদিন বিজেপির ৫ জন ও তৃণমূল কংগ্রেসের ৯ জন মেম্বার উপস্থিত ছিলেন। ৯টি ভোট পেয়ে প্রধান হিসেবে মনোনীত হলেন তৃণমূল কংগ্রেসের জয়া সিনহা।

নতুন প্রধান জয়া সিনহা বলেন, সব সময় জনগণের পাশে থেকে এলাকার সর্বাঙ্গীন উন্নতির চেষ্টা করে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষকে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ তিনি।

করণদিঘির বিধায়ক গৌতম পাল বলেন, করণদিঘি ১নং গ্রাম পঞ্চায়েতে এতদিন বিজেপির প্রধান বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। এলাকার কোনও উন্নয়ন করেননি। ফলে সদস্যরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকে। আজ ভোটাভুটির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রধান ও বোর্ড গঠিত হল। এখন থেকে উন্নয়ন ধারাবাহিকভাবে চলবে। রাস্তাঘাট ও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ ও জনগণের বিভিন্ন প্রকল্পের পরিষেবা ঠিকমতো দেওয়া হবে। নতুন বোর্ড সবসময় মানুষের পাশে থাকবে।
তৃণমূল কংগ্রেসের নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তৃণমূল কর্মীরা আবির মেখে আনন্দে উল্লাসে মেতে ওঠেন।


