জে মাহাতো, ঝাড়গ্রাম, ৮ মার্চ:
রাজ্যের জঙ্গলমহলের তিন জেলা বাঁকুড়া ঝাড়গ্রাম ও পুরুলিয়ার প্রচারের মুখ হিসেবে যে ছত্রধর মাহাতোকে তুলে ধরা হয়েছে সেই ছত্রধর মাহাতো এখন সমস্ত কর্মসূচি শিকেয় তুলে কার্যত নিষ্ক্রিয় রয়েছেনl তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর জঙ্গলমহলের তৃণমূলের একটি অংশ ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য ছড়িয়েছেl ছত্রধর মাহাতোও প্রায় ঘরবন্দি রয়েছেনl
তিনি যে গাড়িতে দলের কর্মসূচিতে যোগ দিতেন সেই গাড়িটিও ভোটের কাজে টেনে নিয়েছে প্রশাসনl গাড়িটি ছাড়ানোর কোন চেষ্টা করেননি তিনিl এছাড়াও রাজ্য নেতৃত্ব প্রার্থী করার ইচ্ছা প্রকাশ করেও তাঁকে বা তাঁর স্ত্রী নিয়তি মাহাতোকে প্রার্থী না করায় ছত্রধর মাহাতো বেশ হতাশ হয়েছেন বলে সূত্রের খবরl ঝাড়গ্রাম জেলায় যে চারটি আসন রয়েছে তারমধ্যে ছত্রধর ঘনিষ্ঠ দেবনাথ হাঁসদা টিকিট পেয়েছেন বিনপুর কেন্দ্রেl কিন্তু দলের রাজ্য সম্পাদক এবং জঙ্গলমহলে তৃণমূলের মুখ হয়েও তিনি বাড়িতে বসে থাকায় দলের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছেল
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার প্রচারের দায়িত্ব ছত্রধর মাহাতোকে দেওয়ার পর বাঁকুড়া জেলার বেশ কিছু এলাকায় তিনি প্রচারের কাজ করেনl কিন্তু ভাড়া করা যে গাড়িতে তিনি কর্মসূচিতে যেতেন সেই গাড়িটি ভোটের কাজে প্রশাসন নিয়ে নেওয়ায় বর্তমানে তিনি বাড়িতে বসে রয়েছেন বলে ছত্রধর মাহাতো নিজেই জানিয়েছেনl ছত্রধর মাহাতোর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা থাকায় তিনি তাঁর স্ত্রী নিয়তি মাহাতোকে টিকিট দেওয়ার জন্য কলকাতায় ধরনা দিয়েছিলেনl কিন্তু নিয়তিকে টিকিট দেওয়া হয়নিl এর ফলে ছত্রধর যে কিছুটা ক্ষুব্ধ হয়েছেন তা তাঁর কথাতে ধরা পড়েছেl ছত্রধর বলেছেন, নিয়তিকে প্রার্থী না করায় দলের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মতামত দিচ্ছেনl তবে দল যা সিদ্ধান্ত নিয়েছে তা তো মানতেই হবেl
ছত্রধর কিংবা তাঁর স্ত্রী নিয়তি মাহাতোকে প্রার্থী না করায় ক্ষুব্ধ লালগড় ব্লক তৃণমূল সভাপতি শ্যামল মাহাতো বলেন, ঝাড়গ্রামের মতো সাধারন আসনে আমাদের কাউকে প্রার্থী করা হল নাl আমরা যারা দলটাকে তৈরি করলাম তাদের বাদ দেওয়া হয়েছেl শনিবার জেলার চার কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের কলকাতায় ডেকেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিl তাদের সঙ্গে যাওয়ার কথা ছিল বিধানসভা কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত দুই কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত এবং অজিত মাহাতোরl কিন্তু তাঁরা কেউ যাননিl ঝাড়গ্রাম কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন অজিত মাহাতো আর গোপীবল্লভপুর কেন্দ্রের দাবিদার ছিলেন উজ্জ্বল দত্তl কিন্তু দু’জনকেই টিকিট দেওয়া হয়নিl এতেই ক্ষুব্ধ হন দুই কো-অর্ডিনেটরl উজ্জ্বল দত্ত জানিয়েছেন, আমাকে তো প্রার্থী করা হয়নি তাই আমি কলকাতায় যায়নিl
অজিত মাহাতো জানান, তিনি দলের অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন বলে কলকাতা যাওয়া হয়নিl

