সাথী দাস, পুরুলিয়া, ২৮ ফেব্রুয়ারি: বিজেপির পরিবর্তন যাত্রার রথের সঙ্গে থাকা বাইক র্যালি আটকানোকে কেন্দ্র করে উত্তপ্ত হল নিতুড়িয়া। পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের বচসা উত্তেজনা বাড়িয়ে তোলে। কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে বচসা হয় পুলিশের। পরে পদস্থ পুলিশ আধিকারিক বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পতাকা ছাড়া বাইকগুলো যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দেয়। তার পরই পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী এই নিয়ে সরব হন। তিনি বলেন, “আমরা নির্বাচনী বিধি মেনে কর্মসূচি পালন করছি। পুলিশ অযথা হয়রানি করছে। রাস্তায় মানুষের ঢল আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। মানুষ এর জবাব দেবে রাজ্যের শাসন ক্ষমতার পরিবর্তন করে।” রাস্তায় ফুল ছড়িয়ে দলীয় পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানান বিজেপি কর্মী সমর্থকরা।
আজ আসানসোল থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঢোকে পুরুলিয়ার নিতুড়িয়ায়। সেখান থেকে রঘুনাথপুর পর্যন্ত আসে পরিবর্তন যাত্রার রথ। সোমবার, সেখান থেকে বরাকর পুরুলিয়া রাজ্য সড়ক ধরে জেলা সদরে পৌঁছাবে। পুরুলিয়া শহর ছুঁয়ে পরিবর্তন যাত্রার রথ পুরুলিয়া বাঁকুড়া ৬৬ এ জাতীয় সড়ক ধরে ভাংড়া মোড় দিয়ে লালপুর দিয়ে পুঞ্চা পৌঁছাবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজকের পরিবর্তন যাত্রার রথে বিজেপি জেলা সভাপতি ছাড়াও ছিলেন জেলা পর্যবেক্ষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জেলা সহ সভাপতি বিনোদ তেওয়ারি, সাধারণ সম্পাদক কমলাকান্ত হাঁসদা প্রমুখ।

