সাথী দাস, পুরুলিয়া, ২ মার্চ: নির্বাচনী প্রচারে পুরুলিয়ার কোটশিলায় আসছেন নিতিন গডকড়ী। বুধবার, কোটশিলার জিউদারু হাই স্কুল মাঠে জনসভায় মুখ্যবক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি। তাঁর এই সভাকে ঘিরে পদ্ম শিবিরে উৎসাহ দেখা গিয়েছে পুরুলিয়া
জেলাজুড়ে। ওই দিন দুপুরের সভাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখা গিয়েছে। ঝালদা হাই স্কুল মাঠে অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছে। সেখানেই কপ্টারে নামবেন তিনি। ঝালদার একটি রিসর্টে দুপুরের আহার সেরে ৮ কিলোমিটার দূরে সড়ক পথে সভাস্থলে পৌঁছাবেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। তাঁর এই সভাকে ঘিরে বিজেপি নেতা ও কর্মীদের মধ্যে আগে থেকেই উচ্ছ্বাস দেখা গিয়েছে।

সভার দায়িত্বে থাকা যাত্রা প্রমুখ এবং বিজেপি জেলা সম্পাদক রবীন সিং দেও বলেন, “গডকড়ীজি বিধানসভার প্রচারে এই নির্বাচনী সভা করবেন। আমাদের কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছি আমরা। কর্মী সমর্থকদের মধ্যে বিশাল উৎসাহ ও উৎকণ্ঠা রয়েছে। সভায় রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত থেকে গডকড়িজির বক্তব্য শুনবেন। “

