স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ নভেম্বর: ডালখোলা বাইপাস এবং রায়গঞ্জের বারোদুয়ারি থেকে ডালখোলা পর্যন্ত ফোর লেন সম্প্রসারিত জাতীয় সড়কের উদ্বোধনে আসতে পারলেন না কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়েজ মন্ত্রী নীতিন গড়করী। বৃহস্পতিবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠান শেষ করার পরই অসুস্থ বোধ করেন মন্ত্রী। ফলে বাতিল করা হয় তাঁর রায়গঞ্জের পানিশালার অনুষ্ঠান। যদিও পরে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন বারোদুয়ারি – ডালখোলা জাতীয় সড়কের সম্প্রসারিত নতুন রাস্তার।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যদিও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করী না আসার কারন হিসেবে সাংসদ দেবশ্রী চৌধুরী হেলিকপ্টারের গোলযোগের কথাই বলেছেন। মন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা তিনি উল্লেখ করেননি। পরে যদিও রায়গঞ্জের অনুষ্ঠান প্রাঙ্গনে হেলিকপ্টার আসলেও, তাতে আসেননি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করী। এদিকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করী না আসায় অনুষ্ঠানে আসা হাজার হাজার বিজেপি সমর্থক ও সাধারন মানুষ হতাশ হয়ে পড়েন।

