আমাদের ভারত, ১২ মে:শেষ পর্যন্ত জল্পনা সত্যি হলো। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন দিনহাটার নব নির্বাচিত বিজেপি বিধায়ক নিশীথ প্রামানিক ও শান্তিপুর থেকে নব নির্বাচিত জগন্নাথ সরকার। তারা সাংসদ পদে থাকবেন। এর ফলে এই দুই জায়গায় আবার নির্বাচন হবে।
এবারের বিধানসভা নির্বাচনে বেশ কয়েকজন সাংসদকে লড়াইয়ের ময়দানে নামিয়েছিল বিজেপি। তাদের মধ্যে ছিলেন এই দুজনও। নিজেদের জায়গা দিনহাটা থেকে জয়ী হয়েছেন নিশীথ প্রামানিক ও নদীয়ার শান্তিপুর থেকে নির্বাচিত হয়েছেন জগন্নাথ সরকার। কিন্তু তারা সেখানকার নির্বাচিত সাংসদও। তাই এবার দলের নির্দেশে দুজনেই নিজেদের বিধায়ক পদ ছাড়লেন। অর্থাৎ এই দুজনেই সংসদ পদে থেকে যাচ্ছেন।
নিশীথ প্রামানিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “একসঙ্গে দুটি সদনের সদস্য থাকা যায় না, সেই কারণেই দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বিধায়ক পদ থেকে ইস্তফা দেব। আর দলের নির্দেশমতো আজ ইস্তফা দিলাম। কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসের রূপ দেখেছে আর সেই জন্যই তারা তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়েছে। নির্বাচন পরবর্তীতে দিনহাটার মানুষ যেভাবে তৃণমূলের সন্ত্রাস দেখেছে আশা করব উপনির্বাচনেও তারা বিজেপির পক্ষেই থাকবেন।
অন্যদিকে শান্তিপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন জগন্নাথ সরকার। তিনি বলেছেন দল চেয়েছেন বলেই তিনি বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন। তার কথায় নির্বাচনের ফল থেকে স্পষ্ট যে বিজেপি এরাজ্যে দুর্বল নয়। আমরা ৩ জন বিধায়ক ছিলাম সেখান থেকে এই জায়গায় এসেছি। ফলে রাজ্যে বিজেপি এখন যথেষ্ট শক্তিশালী বিরোধী পক্ষ।

