আমাদের ভারত, ৮ জুলাই: মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গতকাল। আর বৃহস্পতিবার সকালেই নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন নিশীথ। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে যাদের সবচেয়ে বেশি সোচ্চার হতে দেখা গেছে তাদের মধ্যে অন্যতম মুখ নিশীথ প্রামানিক। রাজ্যের ক্ষেত্রে সেই সব অভিযোগ নিয়ে এবার মন্ত্রী হিসেবে তার কি পদক্ষেপ হবে সেই প্রশ্ন করতেই, মুচকি হেসে নিশীথের জবাব, সময় দিন আস্তে আস্তে সব বলবো।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার পর, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান নিশীথ। তার কথায় মোদীর নেতৃত্বে দেশে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। তাই তার মন্ত্রিসভায় আমি স্থান পেয়ে গৌরব অনুভব করছি। আমি ভাগ্যবান আমি অমিত শাহের সাথে কাজ করতে পারব। ওনার কাছ থেকে অনেক কিছু শিখব। নিজের সর্বশক্তি দিয়ে ভারতের উন্নয়নের জন্য কাজ করব। যে দায়িত্ব আমায় দেওয়া হয়েছে তার সার্বিক ভাবে পালন করার চেষ্টা করব।
বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির অভিযোগ এবং সেক্ষেত্রে তার কি ভূমিকা হতে চলেছে সেই প্রশ্ন করা হলেই, মুচকি হাসি দিয়ে নতুন মন্ত্রী বলেন,”একটু সময় দিন নিশ্চয়ই কিছু ভাববো। আস্তে আস্তে সব বলবো।” স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে কোন পদক্ষেপ নতুন মন্ত্রী নিতে চলেছেন তা নিয়ে জল্পনা একরকম তুঙ্গে তুলে দিলেন নিশীথ প্রামানিক।

