আমাদের ভারত, ১২ ফেব্রুয়ারি:বাজেট নিয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে কংগ্রেস ও প্রতিটি বিরোধীদল অভিযোগ করছে বাজেটে শুধুমাত্র সরকারের ঘনিষ্ঠ শিল্পপতিদের নানা সুবিধা করে দেওয়া হয়েছে। শুক্রবার বিরোধীদের এই অভিযোগের জবাব দিতে গিয়ে বাজেটে গরিবদের জন্য কি কি প্রস্তাব দেওয়া হয়েছে তার তালিকা পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, “বাজেট নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। সরকার গরিবদের স্বার্থে পদক্ষেপ নিলেও বিরোধীরা বলছেন কেবল কয়েকজন শিল্পপতিকেই নাকি সুবিধা করে দেওয়া হচ্ছে। আসলে বিরোধীরা মানুষকে ভুল বোঝানোর জন্যই এইসব কথা বলছেন।”
অর্থমন্ত্রী জানান বাজেটে বলা হয়েছে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। ৮ কোটি মানুষ বিনামূল্যে রান্নার গ্যাস পাবেন। ৪ কোটি মহিলা কৃষক ও প্রতিবন্ধীদের নগদ টাকা দেওয়া হবে। অথচ এরপরেও বিরোধীরা অভিযোগ করছে সরকার শুধুই শিল্পপতিদের স্বার্থ দেখছে। নির্মলা সীতারামন আরো তথ্য দিয়ে বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ১ কোটি ৬৭ লক্ষেরও বেশি বাড়ি তৈরি হয়েছে সেই বাড়িগুলি মোটেই ধনীদের জন্য তৈরি হয়নি। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে প্রধানমন্ত্রী সৌভাগ্যশালী যোজনায় ২ কোটি ৬৭ লক্ষেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সরকার মাঝারি ও ক্ষুদ্র সংস্থাগুলিকে ৮ লক্ষ কোটি টাকারও বেশি অর্ডার দিয়েছে।
অর্থমন্ত্রীর বাজেট পেশ করার পরেই প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, এই বাজেট অন্তঃসার শূন্য। তার কথায় এই বাজেট পুরনো কথার চর্বিত চর্বন। দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার থেকে পরিত্রাণের কোন কৌশল বাজেটে দেখা যায়নি। কেন্দ্রীয়ভাবে যে নীতি ঘোষণা করা উচিত হয়েছিল তা হয়নি। দেশের মানুষ হতাশ। এছাড়াও টুইট করে রাহুল আরো বলেছিলেন বেকারত্ব কর্মসংস্থান নিয়ে একটিও কথা বলা হয়নি। আসল সমস্যাগুলিকে এড়িয়ে যাওয়া হয়েছে এই বাজেটে।
এই সমস্ত বিষয়গুলি নিয়েই লোকসভা ভোট প্রচারে গিয়েছিলেন রাহুল। কিন্তু উনিশের ভোটে সেগুলো কাজ দেয়নি। বরং ৩০০ এরও বেশি আসন পেয়ে সরকার গঠন করেছে এনডিএ । কিন্তু এরপরেওএই সমস্যাগুলি কেই আবার রাজনৈতিক হাতিয়ার’ করেছেন কংগ্রেস সভাপতি।

