সব ব্যাংক বেসরকারিকরণ হবে না, কর্মীদের স্বার্থ সুরক্ষায় অগ্রাধিকারের আশ্বাস অর্থমন্ত্রীর

আমাদের ভারত, ১৬ মার্চ: সব ব্যাংক বেসরকারিকরণ হবে না। তবে যে সব ক্ষেত্রে বেসরকারিকরণ হবে সেখানে ব্যাংক কর্মীদের স্বার্থরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। বেসরকারিকরণের প্রতিবাদে হওয়া ব্যাংক ধর্মঘটের দ্বিতীয় দিনে এই অভিযোগের জবাব দিতে গিয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

ব্যাঙ্কিং ক্ষেত্রে সংস্কার এবং বেসরকারিকরণের কেন্দ্রীয় পদক্ষেপের বিরোধিতায় সোম- মঙ্গল রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক কর্মচারীদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন ধর্মঘট পালন করেছে। দেশের দশ লক্ষেরও বেশি ব্যাঙ্ক কর্মী এই ধর্মঘটে অংশগ্রহণ করেন। ধর্মঘটের কারণে ব্যাংকের সব পরিষেবা বন্ধ ছিল। ব্যাংক কর্মীদের নয়টি সংগঠনের যৌথ মঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সরকার ব্যাংক বেসরকারিকরণের নীতি থেকে সরে না এলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন শুরু হবে। বেসরকারিকরণ বন্ধের বিষয়ে কেন্দ্রের লিখিত আশ্বাস দাবি করেছেন তারা।

অন্যদিকে অর্থমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন, ব্যাংক কর্মীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো পদক্ষেপ কেন্দ্র করবে না। তাদের বেতন, পেনশনের মত বিষয়গুলি সুরক্ষিত থাকবে। অর্থমন্ত্রী বলেছেন, সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সব দিক পর্যালোচনা করেই বেসরকারিকরণের পদক্ষেপ করা হবে। অর্থমন্ত্রী জানান, কেন্দ্রের মূল লক্ষ্য ব্যাঙ্কগুলির ইক্যুইটি বাড়ানো, তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। একই সাথে পরিষেবা উন্নত করা।

মোদী সরকার চলতি মাসে বেসরকারি ব্যাংকগুলিকে সরকারি ব্যবসায় অংশগ্রহণের প্রয়োজনীয় অনুমতি দেওয়ার কথা ঘোষণা করেছে। এপ্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকের গাইডলাইন মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *