সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ১২ মার্চ: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার কামারখোলা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম তন্ময় অধিকারী (১৪)। গোপালনগর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র সে৷ গোপালনগরের দাড়িকাটা ব্রিজ এলাকার বাসিন্দা। গোপালনগর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র সে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে তিন বন্ধু মর্নিং ওয়ার্কে বেরিয়েছিল। এরপর তারা বনগাঁ রানাঘাট শাখার ট্রেন লাইন সংলগ্ন ব্রিজের ওপর বসে বিশ্রাম নিচ্ছিল। সেখানেই বসে তিন বন্ধু পাথর ছোড়াছুড়ি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। বাধা দিতেও যায় এক গৃহবধূ। কারও কোনো কথায় কান দেয় না তারা। ঠিক সেই সময় বনগাঁ থেকে রানাঘাটগামী ট্রেন এসে পড়ে লাইনে। দুই বন্ধু কোনক্রমে লাইন থেকে পালাতে পারলেও তন্ময় অধিকারী নামে ওই কিশোর হকচকিয়ে দঁড়িয়ে পড়ে লাইনের উপর। শেষ পর্যন্ত আর পালাতে পারেনি সে। দ্রুত গতিতে আসা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয় সূত্রের খবর, পরিবারের একমাত্র ছেলে তন্ময়। বাবা উত্তম অধিকারী ও তাঁর মা ছেলের মৃত্যু খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে। শোকাব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম। রেল পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।

