সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১০ ডিসেম্বর: তৃণমূল কংগ্রেস নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের সুস্থতা কামনা করে তাঁকে শুভেচ্ছা জানিয়ে সৌজন্যতার নজির গড়লেন বাকুঁড়া সদর কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি নেতা নিলাদ্রী দানা। আজ সকালে বাকুঁড়া সার্কিট হাউসে সশরীরে হাজির হন নিলাদ্রীবাবু। গতকাল বৃহস্পতিবার সকালে বাকুঁড়া থেকে কলকাতা ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন সায়ন্তিকা। যাত্রা বাতিল করে তিনি বাকুঁড়ায় ফিরে আসেন। এই খবর পেয়ে নিলাদ্রীবাবু তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে সার্কিট হাউসে হাজির হন।ফুল দিয়ে তার সুস্থতা কামনা করেন। এই ঘটনায় শহরজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
বিশেষ করে বুধবারই সায়ন্তিকা নিলিদ্রীবাবুকে উদ্দেশ্য করে “চোর চোরটা বিজেপির এমএলএ টা” বলে শ্লোগান দেন। স্বয়ং অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য নেত্রী বিজেপি এমএলএর গাড়ি লক্ষ্য করে এই ধরনের শ্লোগান ও আচরণকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে। তারপরই সায়ন্তিকার গাড়ি দুর্ঘটনা ও তার সুস্থতা কামনা করে বিজেপির এমএলএর সৌজন্যতা প্রকাশ ঘিরে রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিদগ্ধ মহল এই সৌজন্যতা প্রকাশে যেমন স্বস্তি প্রকাশ করেছেন তেমনি উচিত শিক্ষা বলেও মন্তব্য করেছেন। যদিও এ বিষয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কোনও মন্তব্য মেলেনি।
অপরদিকে বিজেপি নেতা তথা বিধায়ক নিলাদ্রী বাবু বলেন, এটা সৌজন্যতা।সায়ন্তিকা কলকাতা থেকে এসে বিধানসভা নির্বাচনে আমার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে। যদিও আমি ওকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখিনি, ছোটবোনের মতই দেখেছি। রাজনৈতিক মতামত থাকতেই পারে।ওর দুর্ঘটনার খবর পেয়ে আমি তার শারীরিক খোঁজ খবর নিতে যাই।এটাই ভারতীয় সংস্কৃতি।আমরা ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতি লতে বিশ্বাসী।
মাত্র দুদিন আগে আপনার গাড়ি লক্ষ্য করে যে নেত্রী আপনাকে চোর চোরটা বলে শ্লোগান দিচ্ছিলেন, তাকেই আপনি শুভকামনা জানাতে গেলেন এব্যাপারে আপনার অনূভুতি কি?প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের পরিবারের দান করা জমিতে পৌরসভার পাম্পিং স্টেশন, হাসপাতাল, স্কুল নির্মিত হয়েছে। এমনই এক পরিবারের সদস্যকে যদি কেউ চোর আখ্যা দেন তবে আমার কিছু বলার নেই, বাকুঁড়ার মানুষই তার জবাব দেবেন।

