চলন্ত ট্রেন থেকে পড়ে নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু, চাঞ্চল্য ব্যারাকপুরে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ জুন : চলন্ত ট্রেন থেকে পড়ে এক নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ব্যারাকপুরে। বছর ২৪ এর এন গুয়েসান নামে নাইজেরিয়ান ফুটবলার ব্যারাকপুর থেকে শিয়ালদা গামী ট্রেন ধরে বলে সূত্রের খবর।

ট্রেনে করে যাওয়ার সময় টিটাগড় গান্ধী প্রেম নিবাসের কাছে ট্রেনটি আসতেই আচমকা ট্রেন থেকে পড়ে যায় ওই ফটবলার। গুরুতর আহত হয় এন গুয়েসান। ২ ও ৩ নম্বর লাইনের মাঝখানে পড়ে যাওয়ার পর কোনোক্রমে নিজের চেষ্টায় গান্ধী প্রেম নিবাস আশ্রমের কাছে উঠে আসে। সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারাই গুরুতর আহত অবস্থায় ওই নাইজেরিয়ান ফুটবলারকে নিয়ে ব্যারাকপুর বিএন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ঘন্টা দুয়েক বেঁচে থাকার পরেই মৃত্যু হয়ে তার। তার কাছ থেকে উদ্ধার হয় তার পাসপোর্টটি।

এই ঘটনা জানাজানি হতেই ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা তার বন্ধুবান্ধবদের খবর দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে ওই ফুটবলার ফুটবল খেলতে এই দেশে এসেছিল আর বর্তমানে বারাসতে থাকতো। সে আজ ব্যারাকপুর থেকে খড়দায় কোনো ম্যাচে খেলতে যাচ্ছিল। আর হঠাৎ করেই ট্রেন থেকে পড়ে যায়। ওই ফুটবলারের কাছ থেকে তার বন্ধুদের নাম্বার নিয়ে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *