নৈহাটি বিস্ফোরণে রাজ্যের তিন অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ এনআইএ’র

রাজেন রায়, কলকাতা, ১২ ফেব্রুয়ারি: বছর খানেক আগে ২০২০ সালের ৩ জানুয়ারি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে গঙ্গার পাড়ে বিপুল পরিমাণ বেআইনি বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে ঘটেছিল প্রবল বিস্ফোরণ। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ৫ জনের। অথচ এই ধরনের দুর্ঘটনা ঘটার কথা ছিল না। বেআইনি বাজি কারখানাগুলির সঙ্গে জেলা প্রশাসন এবং পুলিশের যোগাযোগ রয়েছে এবং তাদের চাপা দিতেই ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনার ঘটনা হয়েছে বলে এবার রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে চিঠি পাঠালেন এনআইএর ডিজি ওয়াইসি মোদী। একই সঙ্গে ওই চিঠিতে কর্তব্যে গাফিলতির অভিযোগে চৈতালী চক্রবর্তী, মনোজ ভার্মা ও জেলা শিল্প অধিকর্তা প্রণব নস্করের নামে রাজ্যের তিন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এই কাণ্ডে এখনও পর্যন্ত দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। তবে এই সুপারিশ পত্রের প্রেক্ষিতে রাজ্য নিজস্ব অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিক অথবা না নিক, বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলের কাছে এই চিঠি হয়ে উঠতে পারে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অন্যতম বড় হাতিয়ার। ৩ জানুয়ারি নৈহাটির এই তীব্র বিস্ফোরণে তীব্রতার কম্পন পৌঁছে গিয়েছিল গঙ্গার ওপাড়ে হুগলির চুঁচুড়াতেও। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কয়েকটি বাড়িও। জনবসতি এলাকায় প্রশাসন বেআইনিভাবে বাজি নিষ্ক্রিয় করতে গিয়েই এই বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বাসিন্দাদের সেই অভিযোগকেই মান্যতা দিয়ে রাজ্য প্রশাসনে অফিসারদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুুুলল এনআইএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *