মোমিনপুর হিংসার তদন্ত শুরু করছে এন আই এ, বুধবার থেকে

আমাদের ভারত, ১৮ অক্টোবর:
কেন্দ্র সরকারের নির্দেশে মোমিনপুর হিংসার তদন্ত শুরু করতে চলেছে এন আই এ। ইতিমধ্যেই এই ঘটনায় একটি এফ আই আর রুজু করেছে তারা। বুধবার সেই এফ আই আরের কপি নগর দায়রা আদালতে জমা দিয়ে তদন্ত শুরু করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

মোমিনপুর হিংসা এন আই এ তদন্ত হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়াটা কেন্দ্রের ওপর ছেড়ে দিয়েছিল আদালত। আদালতের নির্দেশে বলা হয়েছিল, রাজ্যের পাঠানো রিপোর্ট দেখে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্র সরকারকে। রবিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, তদন্তভার নেবে এন আই এ। মঙ্গলবার নির্দিষ্ট পদ্ধতি মেনে তদন্তভার গ্রহণ করতে এফআইআর দায়ের করলেন এনআইএ গোয়েন্দারা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, একবালপুর থানা থেকে এই ঘটনার তদন্ত শুরু করবেন গোয়েন্দারা।

একবালপুর থানা ও লালবাজারে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলে সেদিন কি ঘটেছিল তা বোঝার চেষ্টা করবেন গোয়েন্দারা। ইকবালপুর হিংসায় এখনো পর্যন্ত পাঁচটি এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। কলকাতা নগরপাল জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মী পুজোর দিন ও তার পরদিন কলকাতার মোমিনপুরের সাম্প্রদায়িক হিংসা ছড়ায়। আগুন দেওয়া হয় একাধিক দোকানে। ভাঙ্গচুর হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি, মোটরসাইকেল। কলকাতা পুলিশের এক আধিকারিকদের লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়ে হামলাকারীরা। তাতে গুরুতর আহত হয়েছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *