আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ মার্চ: শনিবার প্রথম দফার ভোট পর্ব মিটে যেতেই গ্রেফতার হলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতো। গতকাল রাত তিনটে নাগাদ লালগড়ের আমলিয়া গ্রামের বাড়ি থেকে এনআইএ’র একটি দল ছত্রধরকে গ্রেফতার করে।
ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো জানিয়েছেন, গতকাল রাত তিনটা নাগাদ ৪০ থেকে ৫০ জনের একটি কেন্দ্রীয় বাহিনীর দল বাড়ি ঘিরে ফেলে। তারপর ঘুম থেকে তুলে তাকে গ্রেপ্তার করে। ঘটনা দেখে মনে হচ্ছে রাজনৈতিক পরিকল্পিতভাবে আমার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
তৃণমূলের লালগড় ব্লক সভাপতি তথা ছত্রধর মাহাতোর ছায়াসঙ্গী শ্যামল মাহাতো বলেন, শুনলাম এনআইএ আদালতে হাজিরা না দেওয়ার কারণে ছত্রধর মাহাতোকে এনআইএ তুলে নিয়ে গেছে। লালগড়ে এক সিপিএম কর্মীকে খুনের ঘটনায় এবং বাঁশতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক করার ঘটনায় অভিযুক্ত ছিলেন ছত্রধর মাহাতো।

