আমাদের ভারত, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষের দিন বড় ও ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। এবার থেকে সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষা হবে বাংলা ভাষা সহ ১৩টি আঞ্চলিক ভাষাতেও। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পরীক্ষা হিন্দী ও ইংরেজী ছাড়াও বাংলার মতো ১৩টি আঞ্চলিক ভাষায় নেওয়া হবে। ১৫ এপ্রিল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এতদিন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পরীক্ষা শুধুমাত্র হিন্দি ও ইংরেজিতে হতো। বাংলা সহ অন্যান্য ভাষায় পরীক্ষা নেওয়ার জন্য অনেকদিন ধরেই দাবি উঠেছিল। আজ সেই দাবিতে মান্যতা দিল কেন্দ্র। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় যুবদের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে যোগদান করাতে এবং আঞ্চলিক ভাষার প্রসার ঘটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।
কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি,
এসএসবি, এনএসজি রয়েছে। এইসব বাহিনীতে নিয়োগের পরীক্ষায় বাংলা সহ ১৩টি আঞ্চলিক ভাষা ব্যবহৃত হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রক সিএপিএফ- এর জন্য কনস্টেবল পরীক্ষায় হিন্দি, ইংরেজি সহ ১৫টি আঞ্চলিক ভাষা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলা ছাড়াও বাকি ১৩টি আঞ্চলিক ভাষা হল অসমীয়া, গুজরাটি, মারাঠি, মালায়ালাম, কন্নড়, তামিল, তেলেগু ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মনিপুরী এবং কঙ্কোনি।

