আমাদের ভারত, ২০ নভেম্বর:দেশের সবচেয়ে দ্রুতগতির ডাবল ডেকার ট্রেন এবার লাইনে ছোটার জন্য প্রস্তুত। এই ট্রেনগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৬০ কিমি । ইতিমধ্যেই রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই অত্যাধুনিক কোচের ডাবল ডেকার ট্রেন চালুর ঘোষণা করেছেন। কাপুরথালা রেল কোট ফ্যাক্টরিতে তৈরি সেমি হাইস্পিড এই ডবল ডেকার কোচগুলি দেশের ব্যস্ততম রুটে গুলিতে চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে ছোটা এই ট্রেনের কোচে ১২০ জন যাত্রী সফর করতে পারবেন। এখনো পর্যন্ত ভারতীয় রেলে যে কটি ডাবল ডেকার ট্রেন চলে তার কোনোটিতেই ১২০ জন যাত্রী সফর করতে পারে না। অর্থাৎ এই নতুন ডাবল ডেকার কোচে যাত্রী বহনের ক্ষমতাও বেশি।
এই ট্রেনে যাত্রীরা ঝাঁকুনি অনুভব করবেন না। অর্থাৎ যাত্রা হবে অত্যন্ত আরামদায়ক। এছাড়াও সব রকমের অত্যাধুনিক পরিষেবা থাকবে ট্রেনে। কোচগুলি অত্যন্ত চওড়া ফলে ভেতরে চলাফেরা করতে সুবিধা হবে। এলইডি ডেস্টিনেশন বোর্ড থাকবে। যাত্রীরা পরের স্টেশন সম্পর্কে তথ্য পাবেন সেখান থেকে। প্রতিটি কোচে থাকবে একটি করে প্যান্ট্রিও থাকবে।

