সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ মার্চ: চলতি বছরের বইমেলার আবহে সাহিত্যপ্রেমীদের নজর কেড়েছে বনগাঁর বাসিন্দা দীপশিখা ঘোষ ভৌমিক-এর নতুন উপন্যাস। সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষদের জীবনসংগ্রাম, মানসিক টানাপোড়েন এবং আত্মমুক্তির পথকে কেন্দ্র করে রচিত এই উপন্যাসটি ইতিমধ্যেই পাঠকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
লেখিকার কথায়, সমাজে যাদের প্রথম দর্শনে স্বাভাবিক বা সাবলীল বলে মনে করা হয় না, তারাও জীবনের কোনো না কোনো মোড়ে আলোর দিশা দেখানোর শক্তি নিয়ে জন্মায়। কিন্তু বাস্তব জীবনের নানা প্রতিকূলতা অনেক সময় তাদের পথচলায় বাধা সৃষ্টি করে। কেউ সেই বাধা অতিক্রম করতে পারলেও অনেকেই পারেন না, ফলত তারা আসক্তি বা মানসিক অস্বাভাবিকতার মুখোমুখি হয়। উপন্যাসে সেই সংগ্রাম, পুনরুদ্ধার এবং আশ্রয়ের সন্ধানের কাহিনি উঠে এসেছে প্রতীকীভাবে ‘স্পর্শ’ নামের এক আশ্রয়স্থলকে কেন্দ্র করে, যা ধীরে ধীরে একটি পরিবারের রূপ নেয়—একটি একান্নবর্তী গ্রামের মতো বন্ধনে আবদ্ধ সমাজ। উপন্যাসটি প্রকাশ করেছে কলকাতার প্রকাশনা সংস্থা ধানসিড়ি।

প্রকাশকের পক্ষ থেকে জানানো হয়েছে, বইটি মানবিক সম্পর্ক, সহমর্মিতা ও পুনর্জাগরণের বার্তা বহন করে এবং পাঠকদের আবেগ স্পর্শ করবে বলেই তাদের বিশ্বাস।
সাহিত্যপ্রেমীদের মতে, বনগাঁ-র লেখিকার এই কাজ সমকালীন বাংলা কথাসাহিত্যে নতুন সংযোজন। বইমেলায় বইটি ঘিরে পাঠকদের আগ্রহও চোখে পড়ার মতো।
প্রকাশক ও লেখিকা উভয়েরই আশা, কলকাতা-র বইমেলা থেকে শুরু হওয়া এই যাত্রা পাঠকের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

