প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৮ লজুন: সাতদিন বন্ধ থাকার পর সোমবার নতুন কিছু নির্দেশিকা জারি হল ব্যারাকপুরের বাজার খোলা নিয়ে। ব্যারাকপুর পৌর অঞ্চলের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার জন্য নতুন ভাবে কিছু নির্দেশিকা জারি করা হল পৌর সভার তরফ থেকে।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লক ডাউন চলছে রাজ্যে। তবে তার মধ্যে বেশ কিছু পরিষেবায় ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু ব্যারাকপুরে করোনা গ্রাফ নামার নাম নেই বললেই চলে। তাই টানা সাতদিন বন্ধ থাকার পর এবার সপ্তাহে ৩ দিন বাজার দোকান খোলা থাকবে এবং ৪ দিন সম্পূর্ণ ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পৌর প্রশাসনের তরফ থেকে। এবার পৌর প্রশাসন আরো বেশি কড়া হাতে লক ডাউন পালন করার পক্ষপাতি। ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত শুধুমাত্র সোমবার, বুধবার এবং শুক্রবার সকাল ৭ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত বাজার ও দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সপ্তাহের বাকি দিনগুলোতে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাকিসব ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু ওয়ার্ডেকে কনটেন্টমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পৌর প্রশাসক উত্তম দাস বলেন, “আমরা ব্যারাকপুরের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করে ঠিক করেছি যে সপ্তাহে ৩ দিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত বাজার দোকান খোলা থাকবে আর বাকি দিনগুলি অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সব বন্ধ থাকবে। আমরা এক সপ্তাহ সম্পূর্ণ ভাবে বাজার বন্ধ করে দেখলাম রাস্তার পাশে প্রচুর দোকান খোলা থাকছে যার ফলে ভিড় এড়ানো যাচ্ছে না। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। আর বিশেষজ্ঞরা বলছেন করোনার তৃতীয় ঢেউ আসছে তাই আমরা আগে থেকেই আরো সতর্ক হয়ে সমস্ত ব্যবস্থা নিচ্ছি।”

