আমাদের ভারত, শিলিগুড়ি,১৪ মার্চ: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এল নতুন অতিথি। বাঘিনী শীলা জন্মদিল পাঁচ সন্তানের। আপাতত শীলার প্রত্যেক সন্তানই সুস্থ্য রয়েছে। তবে সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গিয়েছে। বাঘিনী শীলা সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া বেঙ্গল সাফারি পার্ক জুড়ে।
জানা গিয়েছে, রয়েল বেঙ্গল টাইগার বিবান ও শীলার প্রজননে শীলার এই সন্তান। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, “এই নিয়ে তৃতীয়বার সন্তানের জন্ম দিল শীলা। মোট ১০ টি সন্তানের মা ৮ বছরের শীলা। তাদের রাখা হয়েছে পর্যবেক্ষণে ”
শিলিগুড়ির অন্যতম সাফারি পার্ক বেঙ্গল সাফারি পার্ক। আর এই পার্কের আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। পার্কের রয়েল বেঙ্গল টাইগার শীলা গত বৃহস্পতিবার জন্ম দেয় পাঁচ শাবকের। এখনো পর্যন্ত তাদের লিঙ্গ চিহ্নিত করা যায়নি। তবে, তারা সুস্থ রয়েছে এবং পর্যবেক্ষণে রয়েছে।

