বিপুল পরিমাণে কচ্ছপের খোলস উদ্ধার করল নিউ ফারাক্কা জিআরপি পুলিশ, ধৃত ৩

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৯ ডিসেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কা স্টেশনের জিআরপি বিপুল পরিমাণ কচ্ছপের খোলস বাজেয়াপ্ত করল।জিআরপি সূত্রে খবর, পাটনা- মালদা এক্সপ্রেস থেকে তিন ব্যাক্তি আটটি ব্যাগ ভর্তি কচ্ছপের খোলস নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে ঘোরাফেরা করছিল, সন্দেহ হতেই তিনজনকে আটক করে জিআরপির সাব ইন্সপেক্টর জিতেন্দ্র নাথ সিং। ব্যাগ সার্চ করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ কচ্ছপের খোলস। ইতিমধ্যে তিন জনকে আটক করেছে জিআরপি। তাদের তিনজনের বাড়ি উত্তরপ্রদেশ বলে জানাগেছে। ধৃত তিনজনের নাম নাথু, বাহারাইচি, নানহি।

এ প্রসঙ্গে জিআরপির সাব-ইন্সপেক্টর জিতেন্দ্রনাথ সিং জানিয়েছেন, খবর পেয়ে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখি কিছু লোক ঘোরাফেরা করছে। তাদের কাছে বেশ কয়েকটি ব্যাগ আছে। ব্যাগ সার্চ করতেই ঝোলা থেকে বিড়াল বেরিয়ে এলো। প্রথমে বিশ্বাস হচ্ছিল না। অনেক সময় শুনেছি কচ্ছপ বা কচ্ছপের খোলস পাচার হয় কিন্তু এবার চাক্ষুষ দেখলাম ব্যাগভর্তি প্রচুর কচ্ছপের খোলস রয়েছে। আনুমানিক সাড়ে পাঁচশোর উপরে হবে সংখ্যাটা। ধৃত তিনজনের বাড়ি উত্তরপ্রদেশে। তারা ট্রেনে করে এখানে এসেছে। মালদার কালিয়াচকের কাউকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, প্রাথমিক তদন্তে আমরা এইটুকুই জেনেছি। এদের কোর্টে চালান করা হল। ধীরে ধীরে পুরো বিষয়টি সামনে আসবে বলে জানান সাব-ইন্সপেক্টর জিতেন্দ্র নাথ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *