আমাদের ভারত, ৩ মার্চ: ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করা হয়েছে। রাশিয়ার করা এই অভিযোগ খারিজ করে দিল নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয় নাগরিকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। বুধবার বেশকিছু ভারতীয় পড়ুয়া খারকিভ ছেড়েছেন। কাউকে বন্দি করার কোনো অভিযোগ পাওয়া যায়নি। একই সঙ্গে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর বিষয় ইউক্রেইন সরকারের উদ্যোগের প্রশংসা করে করা হয়েছে ওই বিবৃতিতে।
ইউক্রেনের ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের পণবন্দি করার খবরে সত্যতা যাচাই করে কোন তথ্য প্রমাণ মেলেনি বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ওই বিবৃতিটি সরকারি টুইটারে পোস্ট করেছেন।
Our response to media queries regarding reports of Indian students being held hostage in Ukraine ⬇️https://t.co/RaOFcV849D pic.twitter.com/fOlz5XsQsc
— Arindam Bagchi (@MEAIndia) March 3, 2022
বুধবার রাতে রাশিয়াতে ইউক্রেন সেনার বিরুদ্ধে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করার অভিযোগ তোলা হয়। দিল্লির রুশ দূতাবাসে টুইটারে লেখা হয় সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইউক্রেনে নিরাপত্তা বাহিনী এই ছাত্র-ছাত্রীদের পণবন্দি করেছে এবং তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। তাদের রাশিয়া যেতে বাধা দেওয়া হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি যে সমস্ত ভারতীয় পড়ুয়া ইউক্রেন ছেড়ে রাশিয়া যেতে চাইছে তাদের খারকিভ আটকে রাখা হয়েছে। রাশিয়ায় পৌঁছাতে পারলেই তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন পুতিন সরকার।
এরপর বৃহস্পতিবার ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং মলদোভার সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। পড়ুয়াদের পণবন্দি করার মতো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

