বিপদ বাড়তে পারে, অ্যান্টিভাইরাল দেওয়া যাবে না করোনা আক্রান্ত শিশুদের, নয়া নির্দেশিকা কেন্দ্রের

আমাদের ভারত, ২০ জানুয়ারি:এখনো পর্যন্ত পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে রয়েছে করোনার চিকিৎসা। প্রতিদিন পাল্টাচ্ছে ভাইরাসের চরিত্র। আর সাথে বদলাতে হচ্ছে চিকিৎসা পদ্ধতি।এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত শিশুদের নিয়ে চিন্তিত চিকিৎসকরা। কারণ করোনার রোগীদের ক্ষেত্রে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তাই চিকিৎসকদের পরামর্শ নিয়ে শিশুদের করোনা চিকিৎসায় নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। একইসঙ্গে তৃতীয় ঢেউয়ের ফলে উদ্বেগজনক থাকা রাজ্যগুলি পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

বৃহস্পতিবার করোনার চিকিৎসা সংক্রান্ত স্বাস্থ্যমন্ত্রকের নয়া নির্দেশিকা অ্যান্টিভাইরাল ও মনোক্লোনাল অ্যান্টিবডি প্রয়োগ না করার কথা বলা হয়েছে। করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষভাবে অ্যান্টিভাইরাল ব্যবহার করতে বারণ করা হয়েছে। একইসঙ্গে মনোক্লোনাল অ্যান্টিবডি প্রয়োগেও মানা করা হয়েছে।

কোভিডে গুরুতর অসুস্থ হলেও বয়স যদি ১৮ বছরের কম হয় তবে এই দুই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। একই সঙ্গে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর শিশুদের দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে নতুন নির্দেশিকায়। দেখতে বলা হয়েছে ছোটদের কোন রকম মানসিক সমস্যা হচ্ছে কিনা।

এদিকে কোভিডের তৃতীয় ঢেউতে কেন্দ্র উদ্বেগের রাজ্য বলে চিহ্নিত করেছে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, দিল্লি, উত্তর প্রদেশ। তার মধ্যে কিছুদিন পরেই উত্তরপ্রদেশে ভোট। এই রাজ্যগুলিকে কোভিড পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

যে রাজ্যগুলিতে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার মধ্যে মহারাষ্ট্রের পজিটিভিটি রেট ২২ শতাংশ। কর্ণাটকের পজিটিভিটি রেট পৌঁছেছে ১৫ শতাংশ। তামিলনাড়ু কেরলের পজিটিভিটি রেট গত কয়েকদিনে পৌঁছেছে ২০ ও ৩২ শতাংশে। দিল্লির পজিটিভিটি ৩৩ শতাংশ।

কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যা প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, গুজরাট, উড়িষ্যা, দিল্লি, রাজস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *