আমাদের ভারত, ২৪ মার্চ: দেশজুড়ে করোনা টিকাকরণ পুরোদমে চলছে। কিন্তু তার মধ্যে বেশ কিছু দিন ধরে বাড়ছে সংক্রমণের হার। এছাড়াও চিন্তা বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন। এদিকে সামনেই হোলি বা দোল, ইদ, সবে বরাত, ইস্টার। তাই এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলায় রাজ্যগুলিকে নয়া নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে জানানো হয়েছে সামনে দোল হোলি ইদ, তাই করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য যদি চায় তাহলে স্থানীয় স্তরে এই উৎসব উদযাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে।
প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব কিংবা প্রশাসনের শীর্ষ আধিকারিকের উদ্দেশ্যে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যগুলি চাইলে হোলি, সবে বরাত এবং ইদ-উল-ফিতর উৎসবে স্থানীয় স্তরে নিষেধাজ্ঞা জারি করতে পারে। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণেও উপযুক্ত ব্যবস্থা নিতে পারে।
এদিকে পশ্চিমবঙ্গে ৮ জনের শরীরে করোনার বিদেশি স্ট্রেনের খোঁজ মিলেছে। এর মধ্যে ৫ জনের শরীরে পাওয়া গেছে ব্রিটেনে স্ট্রেন এবং তিন জনের শরীরে পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন। এদের মধ্যে হাওড়া নদিয়া কলকাতা এবং বসিরহাটের বাসিন্দা রয়েছে।
অন্যদিকে মঙ্গলবার এপ্রিল মাসের জন্য কোভিডের নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সব রাজ্যগুলিকে টেস্ট ট্র্যাক ট্রিট প্রটোকল অনুসরণ করতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রটোকল অনুযায়ী প্রত্যেক রাজ্যকে আরো বেশি করে আরটি পিসিআর টেস্ট করাতে হবে। প্রত্যেকদিন ৭০% বা তার বেশি টেস্ট করাতে হবে রাজ্যগুলিকে। তাতে যাদের রিপোর্ট পজেটিভ আসবে তাদের দ্রুত আইসোলেশনে পাঠাতে হবে। এরপর ওই ব্যক্তির সংস্পর্শে এসেছে তাদেরকে ট্র্যাক করতে হবে এবং তাদেরও আইসোলেশনে পাঠাতে হবে। আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে কনটেইমেন্ট জোন ঘোষণা করা যেতে পারে।

