জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকার একটি পুকুর থেকে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ওই পুকুরের মালিক পুকুরটি পরিষ্কার করানোর জন্য কিছু শ্রমিককে কাজে লাগায়। শ্রমিকরা পরিষ্কার করার সময় পুকুরে একটি কালো প্লাস্টিক ব্যাগ দেখতে পেলে তাদের সন্দেহ হয়। এরপর ব্যাগটি খুললে দেখা যায় প্লাস্টিক ব্যাগের মধ্যে একটি সদ্যোজাত শিশু পুত্রের মৃতদেহ রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কোতোয়ালী থানায়। পুলিশ এসে সদ্যোজাতের মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে।

