আমাদের ভারত, ২৯ সেপ্টেম্বর:
লোকাল ট্রেনের টিকিট কাটতে অনেকেই এখন আর কাউন্টারে দাঁড়ান না। তার বদলে মোবাইলের অ্যাপ ব্যবহার করেন। ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটার ইউ টি এস বা আনরিজার্ভড টিকিটিং সিস্টেম অ্যাপটি ব্যবহার করে টিকিট কাটেন অনেকেই। তবে এতদিন পর্যন্ত এই অ্যাপে টিকিট কাটতে শুধুমাত্র ইংরেজি ভাষারই ব্যবহার ছিল। এবার থেকে টিকিট কাটার জন্য অ্যাপে হিন্দি ভাষাও থাকবে। শুধু তাই নয় রেল সূত্রে খবর, আগামী দিনে বিভিন্ন ভারতীয় ভাষায় টিকিট কাটার সুযোগ করে দেওয়া হবে। তার উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে।
তবে আপাতত হিন্দি দিয়ে ভারতীয় ভাষা ব্যবহার করা শুরু হল রেলের এই অ্যাপে। অ্যাপে টিকিট কাটার জন্য কেবলমাত্র ইংরেজি ভাষা থাকার কারণে অনেকেই তা এড়িয়ে যেতেন। এবার রেল মনে করছে, এবার যাত্রীরা অ্যাপ ব্যবহারে আগ্রহী হবেন।
অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে শর্তসাপেক্ষে কিছুটা আর্থিক সুবিধা পেয়ে যান যাত্রীরা। সেইসব সুবিধা তারাও পাবেন যারা হিন্দিতে বেশি স্বাচ্ছন্দ। করোনা পরিস্থিতিতে রেল চাইছে মানুষ বেশি করে যাতে অ্যাপ ব্যবহার করেন। রেল জানিয়েছে, ইতিমধ্যেপ্রায় দেড় কোটি যাত্রী নিজেদের মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করেছেন। এরপরে আরো বেশী মানুষকে উৎসাহিত করতে তিনটি বিষয়কে বেছে নিয়েছে রেল। রেল বলছে, এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটায় নগদ টাকায় টিকিট কাটতে হয় না। টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর ঝুঁকিও নিতে হয় না। যাত্রীরা নিজেদের সুবিধা মতো বাড়ি থেকে বা স্টেশনে আসার পথেও টিকিট কেটে নিতে পারেন। এর ফলে শেষ মুহূর্তে স্টেশনে পৌঁছে করলেন ট্রেন ধরতে না পারার সমস্যাও কমে যায়।
প্রসঙ্গত এই অ্যাপের মাধ্যমে সাধারণ টিকিটের পাশাপাশি প্লাটফর্ম টিকিট এবং সিজন টিকিটও কাটা যায়। এই অ্যাপ ব্যবহার করলে কাগজের টিকিট কাটার দরকার নেই। ট্রেনের টিকিট পরীক্ষককে অ্যাপে কাটা টিকিট দেখালেই কাজ হয়ে যায়। সেই সময় ইন্টারনেট বন্ধ থাকলেও টিকিট দেখানো যায়। যেকোনো রকম ডেবিট বা ক্রেডিট কার্ডনেট ব্যাঙ্কিং ইউবিআই, ই ওয়ালেট ব্যবহার করে নগদ লেনদেন ছাড়াই টিকিট কাটা যায়। এছাড়াও রেল ওয়ালেট ব্যবহার করলে ৫% বাড়তি আর্থিক সুবিধা পাওয়া যায়।

