সাথী দাস, পুরুলিয়া, ৫ মার্চ: দলীয়ভাবে নাম ঘোষণার আগেই পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি কেন্দ্রের জন্য মনোনয়নপত্র পত্র দাখিল করলেন কংগ্রেসের নেপাল মাহাতো। আজ রীতিমতো ঢাকঢোল পিটিয়ে তিনি কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে ঝালদা স্কুল মোড়ের দলীয় কার্যালয় থেকে ঝালদা মহকুমা কার্যালয়ে পৌঁছান। মিছিলে পা মেলান সিপিএমের ঝালদা এরিয়া কমিটির সম্পাদক উজ্জ্বল চট্টরাজ। তবে, দেখা যায়নি বামফ্রন্টের অন্যান্য নেতৃত্বদের।
সিপিএম স্থানীয় নেতা উজ্জ্বল চট্টরারাজ বলেন, রাজ্য কমিটির নির্দেশ মত বাম কংগ্রেস জোট প্রার্থী বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের নেপাল মাহাতো এবং জয়পুর বিধানসভায় ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্র নাথ মাহাতোকে সমর্থন করছি আমরা। তাঁদের হয়েই প্রচার করা হবে।

প্রসঙ্গত, জয়পুর বিধানসভা কেন্দ্র নিয়ে কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের মধ্যে জোটের ফাটল দেখা দিয়েছে। যদিও দলীয় ভাবেও এখনোও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। প্রার্থী নিয়ে কং-বাম জোটও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এর মধ্যেই স্বঘোষিত প্রার্থী নেপাল মাহাতো মনোনয়ন পত্র জমা দেওয়ায় বিতর্ক উস্কে দিল বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল। এই বিষয়ে সম্ভাব্য প্রার্থী তথা জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, “জোটে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সিটিং বা রানিং বিধায়করা চাইলে দাঁড়াতে পারেন। সেই জায়গা থেকেই আজ মনোনয়ন পত্র জমা দিলাম। প্রয়োজনে তা তুলে নিতেও পারি।”

