সাপ্তাহিক লকডাউনে কাজ হবে না, আসতে পারে তৃতীয় ঢেউ, জানালেন এইমস প্রধান

আমাদের ভারত, ৪ মে:এখনো পর্যন্ত করোনা সংকট কাটার কোন ইঙ্গিত নেই। তার মধ্যেই নতুন আশঙ্কার কথা শোনালেন এমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশবাসীকে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ভবিষ্যতবাণী শোনালেন তিনি। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন অতিমারি মোকাবিলায় সাপ্তাহিক লকডাউন, আংশিক লকডাউন, নাইট কারফিউ এর মত সিদ্ধান্তে কোন কাজ হবে না। করোনার চেইন ভাঙতে দীর্ঘকালীন লকডাউন এর পথে হাঁটতে হতে পারে বলেই মনে করছেন তিনি।

তিনটি বিষয়ে গুলেরিয়া নজর দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিতে হবে। সংক্রমণ ঠেকাতে অতি সক্রিয়তা দেখাতে হবে। টিকাকরণ কর্মসূচি চালিয়ে যেতে হবে। অক্সিজেন সরবরাহের মতো আপৎকালীন বিষয়গুলিকে আরও গুরুত্ব দিতে হবে।

তবে দীর্ঘমেয়াদী পূর্ণ লকডাউন জারির আগে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয়কেও গুরুত্ব দিয়েছেন তিনি। একইসঙ্গে মানুষের জীবিকা অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা বিষয়টিও নিশ্চিত করার কথা বলেছেন এমস ডিরেক্টর।

কয়েক মাস আগেই গুলেরিয়া সতর্ক করেছিলেন করোনার ভারতীয় প্রজাতি, অনেক বেশি ভয়ঙ্কর। শুধুমাত্র দ্রুতহারে সংক্রমণ ছড়ানো নয়, ভাইরাসের ভারতীয় রূপ ক্ষেত্র বিশেষে বেশী বিপদজনক বলেও দাবি করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *