সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ ডিসেম্বর: নকশালপন্থী সংগঠনগুলির উদ্যোগে কলকাতা থেকে বেনারস জনচেতনা যাত্রা আজ বাঁকুড়া জেলা পরিক্রমা করে। আজ সকাল ১০টায় বাঁকুড়ার বড়জোড়ায় মিছিল ও পথসভার পর জন চেতনা যাত্রা মাকুড়গ্রাম হয়ে বাঁকুড়া শহরে পদার্পণ করে। বাঁকুড়া শহরের মাচানতলার বঙ্গবিদ্যালয় মাঠে এক জনসভার আয়োজন করা হয়। এছাড়াও উদ্যোক্তা সংগঠনগুলির পক্ষ থেকে বড়জোড়া ও মাকুড় গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএমএল নিউ ডেমোক্রেসি’র পক্ষ থেকে রাজীব করি ও সিপিআইএম আরআই’এর মানস চক্রবর্তী। বড়জোড়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমকেপি’র রাজ্য সদস্য সৌম্য চট্টোপাধ্যায়, সিপিআইএমএল এনডি-এর জেলা সম্পাদক শুভ্রাংশ মুখার্জি। বক্তারা কেন্দ্রীয় সরকারের ফ্যাসিবাদী ধর্মীয় মেরুকরণের ও কলকারখানা, জল, জমি, জঙ্গল, বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে বক্তব্য রাখেন। বাঁকুড়া শহরে মিছিল পরিক্রমার পর বেলা আড়াইটেয় বঙ্গ বিদ্যালয়ের মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিভিন্ন সংগ্রামী বামপন্থী দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন সৌম্য চট্টোপাধ্যায়, ভোলানাথ শীট, রাজীব কড়িসহ অন্যান্যরা।

বক্তারা সকলেই বর্তমান কেন্দ্রীয় সরকারের ফ্যাসিবাদী প্রবণতা, ধর্মীয় মেরুকরণ, প্রতিবাদী কন্ঠস্বরকে দমন করা, স্বাধীন সংবাদ মাধ্যমের উপর হামলা, নয়া উদারতার নামে উদারতাবাদের নামে সরকারি কল কারখানা নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়া ও জল জমি জঙ্গল বেসরকারি হাতে তুলে দেওয়া, শ্রম আইন বদলানো প্রভৃতি বিষয় তুলে ধরেন। সমস্ত মানুষকে দেশজোড়া ফ্যাসিবাদের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

