সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৯ সেপ্টেম্বর: প্রাকৃতিক ঝঞ্ঝা প্রভাব ফেলল পুজোর প্রস্তুতিতে। পুরুলিয়ার বড় বড় মণ্ডপে সেই দৃশ্য দেখা গিয়েছে বুধবার। বৃষ্টি আর দমকা হাওয়ার মধ্যেই মণ্ডপ সজ্জার কাজ চলছে জোর কদমে। পুরুলিয়ার উল্লেখযোগ্য বিগ বাজেটের পুজো মণ্ডপে দেখা গিয়েছে ভেতরের কাজ চলছে। কিন্তু বেশিরভাগ মণ্ডপের বাইরের কাজ সম্পূর্ণ বাকি।

সকাল থেকে প্রকৃতির সঙ্গে কার্যত লড়াইয়ে হার মানতে হয় মানবকুলকে। বললেন, নিতুরিয়ার দুবেশ্বরী কোলিয়ারির দুর্গাপুজো কমিটির প্রবীণ সদস্য নবনী চক্রবর্তি। তিনি জানান, বিশাল মণ্ডপ গড়তে প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলা করেই চলছে প্রস্তুতির কাজ। মূলত জেলার খনি অঞ্চলেই বিগ বাজেটের দুর্গাপুজো হয়। সেখানে টানা বৃষ্টি প্রভাব পড়ে। পুরুলিয়া শহরের অধিকাংশ মণ্ডপ গড়ার কাজ থমকে গিয়েছে। কুমোর পাড়ায় পাড়ায় মূর্তি গড়ার প্রক্রিয়া বন্ধ থাকে এদিন। এদিকে টানা বৃষ্টি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে জেলায়। রাস্তায় যান চলাচল করেছে স্বাভাবিকের তুলনায় অনেক কম। দোকান পাট অধিকাংশ বন্ধ ছিল। পুজোর কেনা কাটার ছন্দে ছেদ ফেলে দেয় প্রাকৃতিক এই দুর্যোগ।


